শুক্রবার উল্টো রথযাত্রা, উদ্বোধক দক্ষিণ সিটির প্রশাসক

শুক্রবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা/ফাইল ছবি
শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বাংলাদেশের উদ্যোগে বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হবে। এর মধ্য দিয়ে নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রায় তিনটি বৃহৎ ভাঁজযোগ্য রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে অধিষ্ঠিত করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শোভাযাত্রার উদ্বোধন করবেন।
উল্টো রথযাত্রা উপলক্ষে দুপুর ১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তিময় নিতাই স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।
শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শাপলা চত্বর, ইত্তেফাক, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জ সড়ক হয়ে স্বামীবাগ আশ্রমে পৌঁছাবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, এ বছর রাজধানী ঢাকাসহ দেশের ১২৮টি স্থানে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।
গত ১৬ জুলাই বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত মুক্তি কামনায় স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা মহোৎসবের সূচনা হয়। সেদিন রথটি একই পথ ধরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




