হলান্ডের বিতর্কিত গোলের সিদ্ধান্তে শাস্তি পেলেন রেফারি

সংগৃহীত ছবি
ম্যানচেস্টার ডার্বিতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করা ম্যাট ডনোহু এবং তার সহকারী ভিএআর ব্লেক অ্যান্ট্রোবাসকে চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও ব্যবস্থাপনা দলের সিদ্ধান্তে তাদের সরিয়ে রাখা হয়েছে।
রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। গোলটি দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে বলে স্বীকার করেছে প্রো রেফ।
ম্যাচের ৬০ মিনিটে ইয়োশকো গভারদিওলের ক্রস থেকে পাওয়া বল জালে পাঠান আর্লিং হলান্ড। মাঠের রেফারি প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন। পরে ভিএআরের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলায়। প্যাট্রিক দর্গুর বুটের কারণে হলান্ড অনসাইডে ছিলেন বলে নিশ্চিত করে গোলটি দেওয়া হয়।
তবে গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয় সিটির মিডফিল্ডার এনসো ফের্নান্দেসকে ঘিরে। হলান্ড গোল করার আগে এনসো অফসাইড অবস্থানে থেকে বল হেড করার চেষ্টা করেছিলেন। তার ওই অবস্থান খেলার ওপর প্রভাব ফেলেছিল কি না সেটিই হয়ে ওঠে মূল প্রশ্ন।
প্রো রেফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এনসো ফের্নান্দেস বল খেলেননি। তাই তার অবস্থানের কারণে অফসাইড হয়েছে কি না সেটি বিচারনির্ভর বিষয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে এই ঘটনায় ভিএআর তার অবস্থানের সম্ভাব্য প্রভাব বুঝতে পারেনি। ফলে মাঠের রেফারিকে ভিডিও পর্যালোচনার সুপারিশ করা উচিত ছিল।’
ম্যাচে ২৩ মিনিটেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই মৌসুমে চার ম্যাচে চার জয়ে লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে দলটি।



