এশিয়ান গেমস
সবার আগে জাপানে ঋতুপর্ণারা

ছবি: বাফুফে
এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশি কন্টিনজেন্টের মধ্যে সবার আগে জাপানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চীনের গুয়াংঝুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার ভোররাত ৩টায় জাপানে পা রাখেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা।
২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক সাফল্য ও অভিজ্ঞতাকে পুঁজি করে এবার আরও ভালো করার লক্ষ্য ঋতুপর্ণাদের। যদিও দেশ ছাড়ার আগে কোচ বাটলার বলেছেন বাস্তববাদী হতে।
তবে টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপটি বেশ কঠিন। 'এফ' গ্রুপে লাল-সবুজের মেয়েদের লড়াই করতে হবে এশিয়ার দুই পরাশক্তি উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে।
জাপানের নাগোয়া ও আইচি শহরে আয়োজিত এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ মোট ২২টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নারী ফুটবল ছাড়াও অন্য ডিসিপ্লিনগুলো হলো— আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।
বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ সূচি:
১৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া
১৭ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মিয়ানমার



