জাকসু জব ফেয়ার
চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে শুক্রবার কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা জব ফেয়ারে ২৫টির বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ৭০০টি বেশি চাকরির সুযোগ ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণরা অংশ নেন। সেখান থেকে তাদের সিলেক্ট করা হবে।
মেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া ও করপোরেট ক্যারিয়ার সম্পর্কেও ধারণা নেন তারা।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহার বলেছেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য ছিল। এ আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ক্যারিয়ারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান উল্লেখ করেন, ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট’ শুধু চাকরির মেলা নয়। শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল মূল লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আয়োজনকে সফল করেছে বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।
জাকসু সূত্রে জানা যায়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক ছিল ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে ছিল নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষক ছিল ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সিলভার পৃষ্ঠপোষক হিসেবে ছিল দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
দিনব্যাপী জব ফেয়ারের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘রোড টু করপোরেট, ক্যারিয়ার সেশন’। এতে করপোরেট খাতের বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকারের দক্ষতা ও পেশাগত উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা দেন।
এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফির ব্যবস্থা ছিল। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনও রাখা হয়।







