ভিনিসিয়ুস
এত ভুল করা আমার মানায় না

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের বর্তমান বাজে ফর্ম নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পারফরম্যান্স নিয়ে এক বার্তা পোস্ট করেন তিনি। গোল করার একাধিক সুযোগ হাতছাড়া করায় এবং দ্বিতীয়ার্ধে বদলি হওয়ার পর তার এই আত্মমূল্যায়ন।
এলচের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস অন্তত তিনটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচের ১৯ মিনিটে গোলের সামনে বল পেয়েও তিনি দুর্বল শট নেন। এরপর ৩৬ মিনিটে বাঁ পায়ে নেওয়া তার শট প্রতিহত করেন গোলরক্ষক দিতুরো। আর দ্বিতীয়ার্ধে আর্দা গুলারের বাড়ানো বল পেয়ে আবারও বাইরে শট মারেন। ম্যাচের ৬৭ মিনিটে যখন রিয়াল ২-০ গোলে এগিয়ে ছিল, তখন তাকে তুলে নিয়ে ব্রাহিম দিয়াজকে মাঠে নামান কোচ হোসে মরিনহো।
ভিনি মাঠ ছাড়ার পরপরই রিয়াল দুই গোল হজম করে বসে, যদিও শেষ পর্যন্ত যোগ করা সময়ে কারোস এসপির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পারফরম্যান্স নিয়ে ভিনিসিয়ুস লিখেছেন, ‘গোলগুলো আবার ফিরবে, এত ভুল করা আমার মানায় না। রবিবারে আরও ম্যাচ রয়েছে।’
চলতি মৌসুমে ৬ ম্যাচে ভিনির নামের পাশে রয়েছে মাত্র একটি গোল, যা তিনি গত ২৬ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেছিলেন। যদিও তিনি তিনটি অ্যাসিস্ট করেছেন এবং রক্ষণেও অবদান রাখছেন, তবুও গোল না পাওয়া নিয়ে চারদিকে চলছে আলোচনা।
তবে রিয়াল কোচ মরিনহো তার শিষ্যের পাশে দাঁড়িয়েছেন। ভিনির মানসিক শক্তির প্রশংসা করে কোচ বলেন, ‘ভিনি তার সেরা শারীরিক ফর্মের খুব কাছাকাছি আছে এবং সে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী।’ লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রবিবার মেট্রোপলিটানো স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।




