ফর্ম হারানো ভিনিসিয়ুসকে ছেড়ে গেলেন প্রেমিকাও

মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের। সাম্প্রতিক বাজে ফর্মের কারণে কোচ হোসে মরিনহোর একাদশে জায়গা হারিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলেছেন বদলি হিসেবে। সেই ম্যাচের ৭৩তম মিনিটে লাল কার্ড দেখতে হয়েছে। তাই এল ক্ল্যাসিকোও খেলা হচ্ছে না। এই ধাক্কার মাঝেই ভিনির ব্যক্তিগত জীবনেও নেমে এসেছে অন্ধকার।
ব্রাজিলিয়ান ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনির প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। সোশ্যাল মিডিয়ায় দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভার্জিনিয়া ফনসেকার প্রেস অফিসের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘ভার্জিনিয়া ফনসেকা এবং ভিনিসিয়ুস জুনিয়র আর একসঙ্গে নেই। তাদের মাঝে কোনো দ্বন্দ বা ঝগড়া হয়নি। বরং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা যুগল হিসেবে আর সামনে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন।’ ২০২৫ সালের অক্টোবরে ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার প্রেমের শুরু হয়েছিল। তবে বিচ্ছেদের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত মে মাসে প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটেছিল। তবে দুই মাস পর জুনেই আবারও এক হন তারা। এমনকি গত সেপ্টেম্বর মাসে দুজনকে এনগেজমেন্ট রিং প্রদর্শন করতেও দেখা গিয়েছিল। কিন্তু সেই পুনর্মিলন বেশিদিন স্থায়ী হলো না।
সম্প্রতি ভিনিসিয়ুসকে ছাড়া ভার্জিনিয়ার মিয়ামি ভ্রমণের পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। তবে ফনসেকার প্রতিনিধি দল থেকে জানানো হয়েছিল, সন্তানদের তাদের বাবা জে ফেলিপের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই সেই সফরে গিয়েছিলেন তিনি। মাঠে বাজে ফর্ম, একাদশ থেকে বাদ পড়া, লাল কার্ডের শাস্তি ও ক্লাসিকো মিসের যন্ত্রণার সঙ্গে এবার প্রেমে বিচ্ছেদের এই ধাক্কা ভিনি কীভাবে সামলান- সেটাই দেখার।




