কিংবদন্তি কোমানের গোলরক্ষক ছেলের জোড়া গোল!

সংগৃহীত ছবি
নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ও কোচ রোনাল্ড কোমান। এই কিংবদন্তি ডিফেন্ডার নেদারল্যান্ডস জাতীয় দলের পাশাপাশি মাতিয়েছেন বার্সেলোনা, আয়াক্স, পিএসভির মত ক্লাব। আবার কোচও ছিলেন নেদারল্যান্ডস, বার্সেলোনা, আয়াক্স ও পিএসভির।
তার ৩১ বছর বয়সী ছেলে কোমান জুনিয়র ডাচ লিগের নামি গোলরক্ষক। এবার কোমান জুনিয়র মর্যাাদার এই লিগে গড়লেন নতুন এক কীর্তি। ক্যাম্বুরের বিপক্ষে টেলস্টারের হয়ে জোড়া গোল করেছেন তিনি! গোলরক্ষক হয়ে ডাচ লিগে এক ম্যাচে দুই গোলের রেকর্ড নেই আর কারও।
কোমান জুনিয়রের জোড়া গোলে ১০ জন নিয়েও ২-২ সমতায় ম্যাচ শেষ করে টেলস্টার। ২২ মিনিটে লালকার্ড দেখেছিলেন নকভি থরিসন। সেই সুযোগে ৬০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ক্যাম্বুর। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে এক গোল ফেরান কোমান জুনিয়র।
এরপর ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের ১১তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে নাটকীয় ২-২ সমতা ফেরান কোমানই। তাতে ডাচ লিগে তৈরি হল নতুন ইতিহাস। দলের সবচেয়ে কঠিন সময়েই হালটা ধরেছিলেন তিনি।
এর আগে গত মৌসুমের শেষ দিনে ভোলেনডামের বিপক্ষে ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন কোমান জুনিয়র। তার সেই গুরুত্বপূর্ণ গোলেই ২-১ ব্যবধানের জয়েই নিশ্চিত হয়েছিল টেলস্টারের ডাচ লিগে টিকে থাকা।





