মালদ্বীপকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
- ভারত ১-০ মালদ্বীপ

ছবি: আগামীর সময়
মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর 'বি' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সুহাইল ভাট। আসরে ভারতীয় এই ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল।
২৪ ঘন্টারও কম সময় পরে, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারতের জাতীয় ফুটবল দল। সাফ ফুটবলে খেলতে তারা পাঠিয়েছিল দ্বিতীয় সারির দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর সেই দলেও কাটছাট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কয়েকজন খেলোয়াড় আসেননি আর কয়েকজনকে মূল দলের কোচ খালিদ জামিল ডেকে নিয়েছেন। ঢাকা থেকে ফিরে গেছেন ৫ ফুটবলার, এসেছেন নতুন ৭ জন। এই অদল বদলের প্রভাব একাদশে, পাকিস্তান ম্যাচের একাদশে ৭ পরিবর্তন এনে মালদ্বীপের বিপক্ষে একাদশ সাজিয়েছেন কোচ নওশাদ মুসা।
এত পরীক্ষা নিরীক্ষার প্রভাবটা মাঠের খেলাতেও স্পষ্ট। এলোমেলো ফুটবল খেলেও ভারত ম্যাচটা জিতল পেনাল্টিতে পাওয়া গোলে। ম্যাচের ৩৭ মিনিটে ইউসুফ নিজেদের বক্সের ভেতর অহেতুকই অবৈধভাবে বাধা দেন ভারতের উইঙ্গার আব্দুল রাবেহকে। রেফারির পেনাল্টির বাঁশি, স্পটকিকে গোল করে সুহাইল ভাটের 'রোনালদো-উদযাপন' , অবসর নিলেও পর্তুগিজ কিংবদন্তী এভাবেই থেকে যাবেন মাঠে।
১-০ গোলে জিতেই সেমিফাইনালে ভারত, তাদের সঙ্গী হচ্ছে পাকিস্তানও। দুই ম্যাচেই হেরে বিদায় নিল মালদ্বীপ।



