বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন রবার্তো কার্লোস

বিশ্বকাপ ফুটবল ঘুচিয়ে দিয়েছে হাজার হাজার মাইলের দূরত্ব। বহু দূরের দেশ ব্রাজিলের জনগণ এখন জানে, বাংলাদেশে তাদের ফুটবলের কত ভক্ত আছে। সাম্বা ফুটবল নিয়ে বাংলাদেশের উন্মাদনা পৌঁছে গেছে ব্রাজিলিয়ান ফুটবলারদের কানেও। তারই ধারাবাহিকতায় বাংলাদেশি সমর্থকদের প্রতি বার্তা দিলেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক বলা হয় রবার্তো কার্লোসকে। তার বাম পায়ের বাঁকানো শট ছিল যেকোনো ডিফেন্সের জন্য মূর্তিমান আতঙ্ক। কার্লোসের ফ্রি-কিকগুলো যেন কামানের গোলার মতো ধেয়ে যেত গোলপোস্টের দিকে। সেই ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস লাল-সবুজের এই দেশটিকে অনেক আপন মনে করেন।
নেইমারের বন্ধু এবং ব্রাজিল
প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় কার্লোস বাংলাদেশকে তার বাড়ি হিসেবেই আখ্যায়িত
করেছেন। ভিডিওতে পর্তুগিজ এবং ইংরেজিতে রবার্তো কার্লোস বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ’।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার কার্লোস এক দশকের বেশি সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন। তাই স্পেনে তার জীবনের বড় একটি সময় কেটেছে। ব্রাজিলের পরই তাই স্পেনকে স্থান দিয়েছেন। তারপরই কার্লোসের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া আরেক ব্রাজিল কিংবদন্তি কাকাও রবিন মিয়ার ভিডিওতে বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।








