ফারহান এখন বোরহাম উডে

সংগৃহীত ছবি
ফুলহাম সিনিয়র দলে খেলার সম্ভাবনাটা ছিল জোরালো। তবে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে এখনই মাঠে নামা হচ্ছে না ফারহান আলি ওয়াহিদের। বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারকে আপাতত ধারনে পঞ্চম স্তরের ক্লাব বোরহামে পাঠিয়েছে ফুলহাম।
নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহাম উডে যাওয়ার খবর দিয়েছে ফুলহাম। ১৯ বছর বয়সী এই তরুণের জন্য শুভকামনাও জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
বোরহাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগ প্লে-অফ ফাইনালে উঠেছিল এবং শনিবার ট্যামওয়ার্থের বিপক্ষে ঘরের মাঠে তাদের নতুন মৌসুম শুরু করবে। ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান গোলের দেখা।
ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন ফারহান। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল।
ফুলহামের প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের সঙ্গী হয়েছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেন।
এতেই ফুলহামের মূল দলের হয়ে তার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না।
ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।




