চ্যাম্পিয়নস লিগ
কোন ভুলে হেরেছে বার্সা, জানালেন ফ্লিক

সংগৃহীত ছবি
মৌসুমের প্রথম ১১ ম্যাচে তাদের হারাতে পারেনি কেউই। ১২তম ম্যাচে এসে পিএসজির কাছে ধরাশায়ী হলো বার্সেলোনা। পার্ক ডি প্রিন্সে স্বাগতিকদের কাছে ৪-২ গোলে হেরে শেষ হলো বার্সার জয়যাত্রা। ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক স্বীকার করে নিলেন নিজের সব ভুল।
পিএসজির হারের পর কোনো অজুহাত দাঁড় করাননি ফ্লিক। বরং সরাসরি স্বীকার করেছেন, এই মুহূর্তে ফরাসি চ্যাম্পিয়নরা তাদের চেয়ে ভালো দল।
প্যারিসে দুইবার সমতায় ফিরেছিল বার্সা। তবে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে মৌসুমে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পরাজিত হয় রাফিনিয়ার দল।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘পিএসজি দেখিয়েছে, তারা এখনো আমাদের চেয়ে ভালো দল। এই হার থেকে আমাদের শিখতে হবে।’
জার্মান কোচ আরও জানান, পিএসজির দ্রুত আক্রমণ এবং রক্ষণ থেকে আক্রমণে ওঠার সময় বার্সেলোনাকে বড় সমস্যায় পড়তে হয়েছে। শেষ দিকে তার দলের খেলোয়াড়দের শক্তি কিছুটা কমে গিয়েছিল, এও স্বীকার করেন তিনি।
তবে এসবকে হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি ফ্লিক। পিএসজির বিপক্ষে ম্যাচকে বরং নিজেদের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘আমরা অনেক ভুল করেছি। বিশেষ করে বল দখলে, সহজে বল হারিয়েছি। এটা বুঝতে হবে যে খেলোয়াড়রা তরতাজা নেই বলেই ভুল হয়েছে। গত কয়েক সপ্তাহে তাদের যা করতে হয়েছে সেটা অবিশ্বাস্য। তাদের মানসিকতার প্রশংসা করি।’
স্পেনে ঝড়ের কারণে গত শনিবারে রিয়াল বেতিসকে হারানোর পর সেভিয়া থেকে ফিরতি ফ্লাইট বাতিল হওয়ায় এই ম্যাচটির প্রস্তুতি নিয়ে নির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসতে হয় বার্সাকে। সে আক্ষেপ ঝরল ফ্লিকের কণ্ঠে, ‘বেতিসের বিপক্ষে জয়ের পর কী হয়েছে সবাই জানে। এটি কোনো অজুহাত নয়, শুধু আপনারা যেন বুঝতে পারেন কেন হয়তো আমরা সেরা ছন্দে ছিলাম না।’
বার্সার সামনে এখন এল ক্লাসিকো। আগামী রোববার রাতে লিগে তাদের প্রতিপক্ষ লিগ টেবিলে তৃতীয় রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সা। ফ্লিক তাই বললেন, ‘এই হার ক্লাসিকোয় আমাদের সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না।’




