আনচেলত্তিকে গার্দিওলা
ম্যাচ না জিতলে টিকে থাকা যায় না

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সাবেক বিশ্বজয়ী ফরোয়ার্ড রোমারিওর তীব্র সমালোচনার মুখে ইতালিয়ান এই কোচের ঢাল হয়ে দাঁড়ালেন পেপ গার্দিওলা। রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে স্প্যানিশ এই কোচ সাফ জানিয়েছেন, ব্রাজিলে আনচেলত্তির আরও সময় প্রয়োজন। একইসঙ্গে তিনি মনে করেন, ব্রাজিলের মতো বড় দলগুলোতে ফলাফল না আসলে কোচের টিকে থাকা কঠিন।
সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপানের কাছে হার এবং সিঙ্গাপুরের বিপক্ষে পারফরম্যান্সের পর থেকে আনচেলত্তির ওপর ক্ষুব্ধ রোমারিও। এর আগে তিনি আনচেলত্তির বিদায়ের দাবিও তুলেছিলেন। টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম ব্রাজিলে তিনি ভিন্ন কিছু করবেন, কিন্তু তা হয়নি। জাতীয় দল ক্লাব দলের চেয়ে আলাদা। তার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তিনি বেশ ভদ্র ও মার্জিত মানুষ। কিন্তু তিনি আর এই দায়িত্বের উপযুক্ত নন—এটা ভাবার অধিকার আমার আছে।’ তবে আনচেলত্তির দক্ষতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করতে রাজি নন গার্দিওলা, ‘আমি কার্লোকে কিছুটা চিনি, আমরা অনেকবার মুখোমুখি হয়েছি; তিনি আমাকে অসংখ্যবার হারিয়েছেন। তিনি অসাধারণ একজন মানুষ এবং তার সামর্থ্য নিয়ে আমি সন্দেহ করব না। তবে তার একটু বেশি সময়ের প্রয়োজন। দুঃখিত রোমারিও, কার্লোর যোগ্যতা নিয়ে সন্দিহান হওয়া আমার পক্ষে অসম্ভব। আমি তাকে জানি। সবাই বলে তিনি দল সামলানোয় এক নম্বর। তিনি নিজস্ব কৌশলগত সিদ্ধান্তে অসাধারণ।’
ব্রাজিল দলের ওপর থাকা বাড়তি চাপের কথা তুলে ধরে গার্দিওলা আরও বলেন, ‘অনেক ব্রাজিলিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। তারা সবাই বলেন—বিশ্বের আর কোনো দলে এত চাপ নেই, যতটা এই দলে আছে। আর এত কঠিন এই খেলায় মাঝেমধ্যে সময় লাগে। বিষয়টা এমন নয় যে কার্লো এলেন, পেপ এলেন, ইয়ুর্গেন (ক্লপ) এলেন বা জোসে (মরিনহো) এলেন; আর দুই দিনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল আবার চ্যাম্পিয়ন হয়ে গেল! কখনো কখনো একটু বেশি সময় লাগে। সভাপতি ও কোচকে শুধু নিজেদের এই প্রশ্নটাই করতে হবে—আমরা কি সময় দিতে চাই?’
তবে ফুটবলে শেষ পর্যন্ত যে ফলই মুখ্য, সে বাস্তবতাও মেনে নিয়েছেন গার্দিওলা। তার ভাষায়, ‘তিনি (আনচেলত্তি) জানেন, যেমন আমিও জানি যে, দল না জিতলে টিকে থাকা যায় না। ম্যানচেস্টার সিটিতে আমি এত বছর ছিলাম কারণ আমরা অনেক ম্যাচ জিতেছিলাম।’





