দি মারিয়ার বার্তা
মেসির সময়ে জন্ম নেওয়া আমার সৌভাগ্য

সংগৃহীত ছবি
লিওনেল মেসির সবকিছু অর্জনের সাক্ষী তিনি। আর্জেন্টিনা দলে দি মারিয়া যেন ছিলেন মেসির সবচেয়ে বড় ভরসার জায়গা। মেসির বিদায়বেলায় আবেগে আপ্লুত তিনিও। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর দি মারিয়া বলছেন, মেসির সময়ে জন্মাতে পেরে গর্বিত তিনি।
২০২১ সালে দি মারিয়ার গোলেই বহু আরাধ্য কোপা আমেরিকা জয়ের স্বাদ পেয়েছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপেও মেসির স্বপ্নসারথি ছিলেন এই উইঙ্গার। মেসি-দি মারিয়া জুটিই আর্জেন্টিনাকে ৩৬ বছর পর এনে দিয়েছে সোনালি ট্রফিটি।
মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ২ অ্যাসিস্ট ও এক গোলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। মেসির বিদায়ে তাকে নিয়ে বার্তা দিচ্ছেন ফুটবল বিশ্বের নানা রথী মহারথী।
দি মারিয়া তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার প্রজন্মে জন্মগ্রহণ করা এবং এতদিন ধরে ফুটবল খেলা উপভোগ করার সৌভাগ্য আমার হয়েছে। আজ তুমি এমন একটি অধ্যায়ের ইতি টানছ, যা আমরা কোনো আর্জেন্টাইনই কখনো শুনতে চাইনি। কিন্তু সেই দিনটি আজ এসে গেছে। আর আজ প্রতিটি আর্জেন্টাইনের মতো আমিও আমাদের দেশের জন্য তোমার করা সবকিছুর জন্য অনেক অনেক বড় ধন্যবাদ জানাতে চাই।‘



