ঢাকা সাফ
ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় পাকিস্তান

ছবি: আগামীর সময়
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের শিরোপার লড়াই। একদিকে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে ধারাবাহিকতা বজায় রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের লক্ষ্য শিরোপা জিতে দেশের ফুটবলে নতুন ইতিহাস লেখা। ফাইনালের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান কোচ নর্বের্তো সোলানো।
সংবাদ সম্মেলনে সোলানো স্পষ্ট করেছেন যে ভারতকে সমীহ করলেও জয়ের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেবে দল, ‘ভারতের প্রতি এবং তাদের ফুটবলের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। বিশেষ করে গত ১০-১৫ বছরে তারা যেভাবে উন্নতি করেছে তা প্রশংসনীয়। তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। ফাইনালে আবার তাদের মুখোমুখি হতে পেরে আমরা আনন্দিত।’
গ্রুপ পর্বে প্রথম দেখায় ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়লেও বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। তবে সোলানোর দাবি, সেই ম্যাচের তুলনায় এবার অনেক বেশি প্রস্তুত তার দল। প্রথম ম্যাচে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া যায়নি। ফিফার নিয়ম মেনে তাদের ছাড়াই মাঠে নামতে হয়েছিল। এবার পূর্ণাঙ্গ দল পাওয়াকে বড় ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।
টানা ম্যাচ খেলার কারণে খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে প্রশ্ন উঠলেও কোনো অজুহাত দিতে রাজি নন পাকিস্তান কোচ, ‘আমার খেলোয়াড়েরা কখনো ক্লান্ত হয় না। আমরা সবাই মানসিকভাবে শক্ত এবং পুরোপুরি মনোযোগী। ফিকশ্চার এমনই ছিল তাই পরপর দুটি ম্যাচ খেলতে হয়েছে। কিন্তু ফাইনালে খেলতে নামলে ক্লান্তির কোনো অজুহাত চলে না। আমরা লড়াই করতে প্রস্তুত। নিজেদের সবটুকু দেব।’
পাকিস্তানের জন্য এবারের ফাইনাল কেবল একটি শিরোপার লড়াই নয়, দেশের ফুটবলে নতুন সম্ভাবনা তৈরির সুযোগও। ক্রিকেট ও হকিতে সমৃদ্ধ ইতিহাস থাকলেও ফুটবলে এখনো বড় কোনো সাফল্য নেই দেশটির। সোলানোর বিশ্বাস সাফের মতো প্রতিযোগিতায় ভালো ফল তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে পারে। পাকিস্তানে নিজস্ব ফুটবল লিগ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
অধিনায়ক আবদুল্লাহ ইকবালও ফাইনালকে ইতিহাস গড়ার সুযোগ হিসেবে দেখছেন, ‘ফাইনালে পৌঁছানোই পাকিস্তান ফুটবলের অন্যতম বড় অর্জন। তবে এখানেই থেমে থাকতে চাই না। শিরোপা জিততে পারলে অর্জনটি আরও বড় হবে।‘
সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। আরেক সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছিল ভারত।



