ইংলিশ প্রিমিয়ার লিগ
দুর্দশা কাটছেই না ম্যানচেস্টার সিটির

সংগৃহীত ছবি
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্য যেন এখন অতীতের গল্প। আক্রমণে ধার নেই, রক্ষণেও আগের সেই দৃঢ়তা দেখা যাচ্ছে না। লিগে টানা চার ম্যাচ জয়হীন এনসো মারেস্কার দল। এর মধ্যে তিনটিতে হারের পর এবার ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ইতিহাদ স্টেডিয়ামে সমর্থকদের হতাশা ছিল স্পষ্ট। প্রিয় দলের এমন পারফরম্যান্সে গ্যালারিতে দেখা গেছে অসন্তোষের প্রতিক্রিয়াও।
ম্যাচের শুরুতে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল সিটি। কিন্তু ১৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে ফুলহামকে এগিয়ে দেন রদ্রিগো। ২৪ মিনিটে আর্লিং হলান্ড বল জালে পাঠালেও গোলটি বাতিল করেন রেফারি। গোলরক্ষক দুই হাতে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর হলান্ড লাথি মেরে বল জালে পাঠানোয় গোল দেননি রেফারি। ৩৫ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। পুরো ম্যাচেই তিনি তার চিরচেনা রূপ দেখাতে ব্যর্থ হয়েছেন।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ম্যানচেস্টার সিটি। তাতে অবশ্য লাভ হয়নি। এক গোল পিছিয়ে থেকে বিরতিতে যায় হলান্ড-ফোডেনরা। প্রথমার্ধে তিনটি হলুদ কার্ড দেখেন ফুলহামের খেলোয়াড়রা।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় সিটি। দ্রুত সফলতার দেখাও পায় তারা। ৫৭ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে দূরপাল্লার শটে গোল করেন এলিয়ট অ্যান্ডারসন। প্রিমিয়ার লিগে সিটির হয়ে এটি তার প্রথম গোল। ৬৪ মিনিটে হলান্ডের পাস থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন অ্যান্ডারসন। তবে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তিন মিনিট পর রদ্রিগোর শট ঠেকিয়ে ফুলহামকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। শেষ দিকে জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে উঠেছিল। তবে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এ ড্রয়ের মধ্য দিয়ে ১৫ বছর পর লিগে ম্যান সিটির বিপক্ষে পয়েন্ট পেল ফুলহাম।



