আনচেলত্তি
নতুন ব্রাজিল নেইমারের মতো একক নির্ভরশীল হবে না

ব্রাজিল জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে। সিএনএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, অনন্য দক্ষতার অধিকারী এই ফরোয়ার্ডের কোনো বিকল্প নেই এবং নিজ থেকেই জাতীয় দল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে আনচেলত্তি সাফ জানিয়েছেন, আধুনিক ফুটবলে কোনো দল একক তারকার ওপর নির্ভর করে চলতে পারে না।
নেইমারকে নিয়ে বলতে গিয়ে আনচেলত্তি জানান, ‘নেইমার বিশ্বকাপে যাওয়ার যোগ্য ছিল। তার বিকল্প ছিল না। সে নিজের যোগ্যতার কারণেই একজন ব্যতিক্রমী খেলোয়াড় হয়ে উঠেছিল।’ তবে পুরোনো হতাশা ভুলে এখন ২০৩০ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্ম গড়ে তোলার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন ইতালিয়ান এই কোচ। ভবিষ্যতের দল গঠনে তার মূল নজর ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে জন্ম নেওয়া তরুণ খেলোয়াড়দের ওপর। এমনকি ২০০৮ সালে জন্ম নেওয়া উদীয়মান প্রতিভাদেরও নজরে রাখা হচ্ছে, যারা এখনো মূল দলে সুযোগ পাননি। আনচেলত্তি বলেন, ‘আমাদের ২০০৮ সালে জন্ম নেওয়া তরুণ খেলোয়াড়েরা আছে যারা বেশ মানসম্মত ফুটবল খেলে। এখনো তারা খেলছে না, তবে অবশ্যই খেলার যোগ্য। এখন বয়স বিবেচনায় নিয়ে তাদের পর্যবেক্ষণ করার সঠিক সময়।’ তিনি আরও উল্লেখ করেন, একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও দারুণ পারফরম্যান্স করতে পারে, তবে তরুণদের প্রাধান্য দেওয়ার এখনই উপযুক্ত সময়।
বয়সভিত্তিক দলের কোচদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়ে সেলেসাও কোচ বলেন, ‘অলিম্পিক গেমস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোপা আমেরিকাও তাই। আমাদের এই তরুণ খেলোয়াড়দের তাদের বিকাশের প্রতিটি ধাপে অনুসরণ করতে হবে। কারণ একজন খেলোয়াড়ের ক্লাবের লক্ষ্য সবক্ষেত্রে ব্রাজিল জাতীয় দলের লক্ষ্যের সঙ্গে মিলে না।’
আধুনিক ফুটবলের দর্শন ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভরশীলতার বদলে আধুনিক ফুটবলে দলগত খেলা জরুরি। অবশ্যই দলে যদি দুর্দান্ত কোনো প্রতিভা থাকে, তবে জয়ের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আধুনিক ফুটবলে একক নির্ভরশীলতা কার্যকর নয়। আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গঠনে কাজ করছি, যা কোনো একজনের প্রতিভার ওপর ফোকাস করে নয়।’
গত বিশ্বকাপের হতাশা কাটিয়ে সামনে এগোনোর তাগিদ দিয়েছেন আনচেলত্তি। আসন্ন প্রীতি ম্যাচগুলোকে নতুন প্রতিভাদের ঝালাই করে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর আগামী ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ইতালিয়ান বস বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপটি হতাশাজনক ছিল এবং এজন্য আমরা দুঃখিত। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। নতুন এক প্রজন্ম তৈরি করার সময় আমাদের হাতে রয়েছ।’





