যে কারণে বিশ্বকাপ জিতেও খুশি নন ইয়ামাল

সংগৃহীত ছবি
বিশ্বকাপের সোনালি ট্রফি জেতার মুহূর্তটা অনেক ফুটবলারের কাছে স্বপ্নের মতো। তাদের আনন্দের কোনো সীমা থাকে না। ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাবান পুরস্কার জেতার পর এমনটা স্বাভাবিক। কিন্তু এ ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রমী স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপ জিতেও সন্তুষ্ট হতে পারেননি তিনি। ২০২৬ বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতে ভূমিকা রাখলেও নিজের পারফরম্যান্সে খুশি নন বার্সেলোনার এই তরুণ তারকা। বরং মনে করেন, আরও বেশি কিছু দেওয়ার সামর্থ্য ছিল তার।
মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, বিশ্বকাপ জয়ের পরও নিজের পারফরম্যান্স নিয়ে আনন্দ পাননি তিনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করেছিলেন স্পেনের এই ফরোয়ার্ড।
গত মৌসুমের শেষদিকে চোটে পড়ায় ঠিকমতো বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারেননি বলে জানান ইয়ামাল। তবে নিজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার মূল কারণ হিসেবে চোটকে মানতে নারাজ তিনি,‘বিশ্বকাপ জেতার পরও আমি খুশি ছিলাম না। চোটের বিষয়টি সত্যি কিন্তু আমি মনে করি না সেটিই কারণ। আমি জানি বিশ্বকাপ যদি অন্য সময়ে হতো, চোট থেকে ফিরে এসেও আমি একই পর্যায়ের পারফরম্যান্স করতে পারতাম।’
নিজের অবদান সবসময় পরিসংখ্যানে ধরা পড়েনি বলেও মনে করেন ইয়ামাল। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য জায়গা ও সুযোগ তৈরি করেছিলেন তিনি,‘আমি এমন অনেক কিছু করেছি যা মানুষ খেয়াল করেনি। যেমন প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়ের মনোযোগ নিজের দিকে টেনে নেওয়া। আমার মনে হয় এমন একজন খেলোয়াড় থাকা কোচের জন্য দারুণ ব্যাপার যে এভাবে প্রতিপক্ষকে ব্যস্ত রাখতে পারে।’
তবুও নিজের পারফরম্যান্সের মূল্যায়নে বেশ কঠোর ইয়ামাল। তার মতে, অন্য কোনো খেলোয়াড় একই পারফরম্যান্স করলে হয়তো অনেক বেশি প্রশংসা পেতেন। কিন্তু নিজের কাছে প্রত্যাশা ছিল আরও বেশি,‘নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট ছিলাম না। কারণ আমি জানি অন্য কোনো খেলোয়াড় যদি আমার মতো পারফরম্যান্স করত তাহলে তাকে দুর্দান্ত বিশ্বকাপ কাটানো খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু আমি আরও বেশি কিছু করতে পারতাম। হ্যাঁ, আমার পারফরম্যান্স দলকে সাহায্য করেছে তবে আমি পরের বিশ্বকাপের জন্য সত্যিই মুখিয়ে আছি।’
২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতার পর সেই আসরেই নিজেকে নতুন রূপে তুলে ধরতে চান ইয়ামাল।



