বিশ্বকাপ
দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

ব্রাজিলের অনুশীলন শুরু হতে না হতেই নেইমারের ইনজুরিই হয়ে গেল বড় খবর। আসছে একের পর এক আপডেট। বুধবার প্রথম অনুশীলন মিস করার খবর ইতিমধ্যে জেনে গেছে সবাই। এরপর এলো, ব্রাজিল সমর্থকদের জন্য আরো বড় দুঃসংবাদ -- নেইমারকে মাঠের বাইরে থাকতে হবে আরো দুই-তিন সপ্তাহ।
এটা ঠিক, ৩৪ বয়সী এই ফরোয়ার্ডের ইনজুরির কথা জানতেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও। গত ১৭ মে কুরিতিবার বিপক্ষে ম্যাচে তিনি চোট পেয়েছিলেন ডান পায়ের পেছনের পেশিতে (কাফ মাসল)। এটা বড় চোট ছিল না। তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে সামান্য ইনজুরি হিসাবেই বলা হয়েছিল। ক্লাবের ডাক্তার রোদ্রিগো জোগাইব গত সপ্তাহে গ্লোবোতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘নেইমারের পায়ে সামান্য ফোলা ভাব আছে তবে এক সপ্তাহের মধ্যে তার ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চলছে।’
কিন্তু ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পর জানা গেল, ইনজুরি মোটেও সামান্য নয়। বুধবার দলের সঙ্গে প্রথম ট্রেনিং সেশন মিস করার পর তাকে নেওয়া হয়েছিল তেরেসোপলিসের এক বেসরকারি হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ফেরার পর ব্রাজিলের দলের ডাক্তার রোদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘গ্রাঞ্জা কোমারিতে আসার পর তার একটা পূর্ণাঙ্গ ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এমআরআই স্ক্যানে ধরা পড়েছে, পেশির পেছনে শুধু ফোলা ভাব নয়, বরং এটি গ্রেড-টু কাফ ইনজুরি। আশা করছি, দুই -তিন সপ্তাহের মধ্যে তিনি খেলার জন্য ফিট হয়ে উঠবেন।’
তাহলে ১৬ দিন পর মরোক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ শুরুর ম্যাচটি যে নেইমার মিস করছেন, সেটা বলাই বাহুল্য।






