পরিবার ব্যস্ত কোরবানিতে, পুকুরে ডুবে সন্তানের মৃত্যু

যশোরে ঈদের দিন বাড়ির পাশের পুকুরে ডুবে জুনায়েদ হোসেন মোল্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮) দুপুরে অভয়নগরের রাজঘাট সাভারপাড়া গ্রামে ঘটে এ দুর্ঘটনা।
নিহত জুনায়েদ হোসেন মোল্যা ওই গ্রামের সাজ্জাদ হোসেন মোল্যার ছেলে।
নিহতের পরিবার জানায়, ঈদের দিন দুপুর একটার দিকে কোরবানির পশু নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত। এ সময় জুনায়েদকে কাছে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২ টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়া ঘোষ জানান, জুনায়েদ নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া জুনায়েদ হোসেন মোল্যা নামের শিশুটির সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’






