ফিফার ক্ষতিপূরণের অঙ্ক
নেইমারের জন্য ১০৩ কোটি, সাদের জন্য কত?

সংগৃহীত ছবি
সাদ উদ্দিনের উন্নত চিকিৎসার পুরো টাকা দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? নিজেদের খেলোয়াড়ের জন্য এইটুকু করতেই পারে বাফুফে। কিন্তু বাফুফের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবুর এমন কথায় আছে শুভংকরের ফাঁকি। ফিফার ‘ফিফা ক্লাব প্রটেকশন প্রোগ্রাম’-এর আওতায় এ টাকা ফেডারেশনের দেওয়ার দরকার নেই। সাদ উদ্দিনের চিকিৎসার পুরো ব্যয় বহন করবে ফিফা। শুধু তাই নয়, সাদ খেলতে না পারায় তার ক্লাব মোহামেডানের যে ক্ষতি— সেটাও দিতে বাধ্য ফিফা।
ফিফার নিয়ম কী বলে
ফিফা উইন্ডোয় আন্তর্জাতিক ম্যাচের আগে বা ম্যাচ চলার সময় কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা ক্লাব প্রটেকশন প্রোগ্রামের আওতায় ক্ষতিপূরণ দেওয়া হয়। এই টাকা সরাসরি ফুটবলার নয়, দেওয়া হয় খেলোয়াড়ের ক্লাবকে। ইনজুরির পর প্রথম ২৮ দিন কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। ২৮ দিন পেরোলে ২৯তম দিন থেকে শুরু হয় হিসাব।
ক্ষতিপূরণের অঙ্ক খেলোয়াড়ের চুক্তিবদ্ধ মূল বেতন অনুযায়ী হিসাব করা হয়। সাইনিং বোনাস, পারফরম্যান্স বোনাস, অ্যাপিয়ারেন্স ফি বা অন্যান্য ভাতা এর অন্তর্ভুক্ত নয়। ক্ষতিপূরণের দৈনিক সর্বোচ্চ সীমা ২০,৫৪৮ ইউরো। এটা দেওয়া হবে ৩৬৫ দিন পর্যন্ত। সেই হিসাবে একজন ফুটবলারের জন্য তার ক্লাব সর্বোচ্চ ক্ষতিপূরণ পেতে পারেন ৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১০৩ কোটি টাকা। ক্ষতিপূরণের এই অর্থ একসঙ্গে না এসে একাধিক ধাপে পায় ক্লাবগুলো।
ইউরোপিয়ান ক্লাবের আদলে এদেশের ঘরোয়া ফুটবলে বেতন কাঠামো থাকলে সাদ উদ্দিনের জন্য ১০৩ কোটি টাকাও ক্ষতিপূরণ পেতে পারত মোহামেডান। কেননা চোটের জন্য এক বছরের বেশি সময় মাঠের বাইরে কাটাতে হবে তাকে। কিন্তু মোহামেডানের বেতন কাঠামো ইউরোপিয়ান শীর্ষ ক্লাবের মত না হওয়ায় খুব বেশি ক্ষতিপূরণ পাবে না তারা।
এর আগেও ক্ষতিপূরণ পেয়েছে বাংলাদেশের ক্লাব
‘ফিফা ক্লাব প্রটেকশন প্রোগ্রাম’-বাংলাদেশি ক্লাবগুলোর জানা নেই, ব্যাপারটা এমন নয়। এর আগেও এই প্রোগ্রামের আওতায় ক্ষতিপূরণ পেয়েছে বাংলাদেশের ক্লাবগুলো। শুধু তাই, খোদ সাদ উদ্দিন চোট পাওয়ায় এর আগে ক্ষতিপূরণ পেয়েছে তার পুরনো ক্লাব শেখ রাসেল। ২০২২ সালের ২৩ মে ফিফা উইন্ডোতে জাতীয় দলের অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় শেখ রাসেল ৪ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ পায়।
এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অনুশীলনে চোট পাওয়ায় ২০২০ সালে মাশুক মিয়া জনির তখনকার ক্লাব বসুন্ধরা কিংস ক্ষতিপূরণ পেয়েছিল ১৩ হাজার ৮৮৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ১৪ লাখ টাকা। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য ফিফার সর্বোচ্চ ক্ষতিপূরণ এটাই। ২০২০ সালের শেষ দিকে জাতীয় দলের ক্যাম্প ও বাছাইপর্বের প্রস্তুতির সময় শহীদুল আলম সোহেল ইনজুরিতে পড়েছিলেন। এজন্য ফিফা থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা পেয়েছিল আবাহনী।
অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়ে সাদ উদ্দিন দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে। মাঠে ফিরতে লেগে যেতে পারে এক বছরও। তার ইনজুরির জন্য ফিফার ক্ষতিপূরণ হিসাবে ১৪ থেকে ২০ লাখ টাকা পেতে পারে মোহামেডান।
সাদের চোট ফিফা উইন্ডোয়
এবার সাদ উদ্দিন চোট পেয়েছেন ১১ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুতে ফিফা উইন্ডোতে ছিল না। এজন্য বাংলাদেশ-ভুটানের উদ্বোধনী ম্যাচের হিসাবই করেনি ফিফা (র্যাংকিংয়ে)। সাদ সেই ম্যাচে চোট পেলে ফিফা থেকে কোন ক্ষতিপূরণ পেত না।
তবে ১১ নভেম্বর ফিফা উইন্ডো থাকায় ক্ষতিপূরণের আওতায় থাকবেন সাদ। কেননা বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের র্যাংকিংয়ের অঙ্ক প্রকাশ করেছে তারা। সেই ম্যাচ জেতায় বাংলাদেশ পায় ৪ দশমিক ৯৭ পয়েন্ট।
১০৩ কোটি টাকা কি পেয়েছে কেউ
চোট পড়ে সর্বোচ্চ ক্ষতিপূরণের টাকা পাওয়ার নজির আছে আন্তর্জাতিক ফুটবলে। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে এসিএল ও মেনিসকাস চোটে পড়েছিলেন নেইমার। তিনি এক বছরের বেশি সময় ছিটকে যান মাঠের বাইরে।
আল হিলালে বিপুল অঙ্কের বেতনের কারণে নেইমারের জন্য সর্বোচ্চ সীমার ক্ষতিপূরণ অর্থাৎ প্রায় ১০৩ কোটি টাকা পায় সৌদি ক্লাবটি। এ ছাড়া ২০২৩ সালে স্পেনের গাভির জন্য বার্সেলোনা ও ২০২৫ সালে কানাডার আলফানসো ডেভিসের জন্য বায়ার্ন মিউনিখ পেয়েছিল বিপুল অঙ্কের ক্ষতিপূরণ।




