মেসির শেষ ম্যাচের আগে প্রতিপক্ষ দলের গুরুতর অভিযোগ

আর্জেন্টিনা জাতীয় দলের মহাতারকা লিওনেল মেসি অবশেষে দলের সাথে যোগ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি। এই ঐতিহাসিক ম্যাচের আগে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে প্রতিপক্ষ বেনিন।
রোসারিওতে নিজ পরিবারের সাথে সময় কাটিয়ে কোচ লিওনেল স্কালোনির অনুমতি নিয়েই দলের সাথে দেরিতে যোগ দেন মেসি। ২০০৫ সালের ১৬ আগস্ট অভিষেকের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০৭টি ম্যাচ খেলেছেন। জিতেছেন বিশ্বকাপ ও ২টি কোপা আমেরিকা। করেছেন রেকর্ড ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট। বিদায়ী ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি শেয়ার করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লিখেছে, ‘স্বাগতম, ক্যাপ্টেন! আবেগের জোয়ারে ভাসছে সবাই।’
এই ঐতিহাসিক ম্যাচটির আগে বিপাকে পড়েছে প্রতিপক্ষ দল বেনিন। ইয়াহু স্পোর্টস জানিয়েছে, বুয়েনস এইরেসে পৌঁছানোর পর থেকেই বেনিন ফুটবলাররা চরম অব্যবস্থাপনা ও ভোগান্তির শিকার হয়েছেন। প্রায় ২৩ ঘণ্টা দীর্ঘ ইকোনমি ক্লাসের ফ্লাইটে ক্লান্তিকর যাত্রা শেষে হোটেলে পৌঁছে বেনিন দলের খেলোয়াড়রা দেখতে পান সেখানে গরম পানির সুব্যবস্থা নেই! স্টিম বাথ ব্যবস্থাও অচল।
বেনিন দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, অনুশীলনের জন্য তাদেরকে যে কৃত্রিম টার্ফ ও ফিটনেস রুম দেওয়া হয়েছে, সেসব পেশাদার ফুটবল দলের উপযোগী নয়। এমনকি দীর্ঘ যাত্রার মাঝে ভিডিও বিশ্লেষক জোনাস বিদের একটি ব্ল্যাকআউটের ঘটনাও ঘটে। নানা প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত ফুটবল বিশ্বের সর্বকালের সেরা তারকার ঐতিহাসিক বিদায়ী ম্যাচের সাক্ষী হতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বেনিন।




