জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

সমর্থক ও ক্লাবগুলোর দাবির মুখে অবশেষে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ ফর্টিস এফসি ও রহমতগঞ্জের মধ্যে ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরবে ঘরোয়া ফুটবল। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর আর এখানে শীর্ষ পর্যায়ের কোনো ম্যাচে হয়নি। দীর্ঘ সময় সংস্কারের পর ২০২৫ সাল থেকে এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে অনেক। এর বাইরে স্কুলপর্যায়ের দু-একটি টুর্নামেন্টের খেলা আয়োজিত হতে দেখা গেছে।
চার বছর ধরে চলা সংস্কারের পর গত বছর ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরেছিল জাতীয় দলের খেলা। সে সময় বাফুফে ঘোষণা দিয়েছিল, এ স্টেডিয়ামকে তারা সংরক্ষিত রাখবে শুধু আন্তর্জাতিক ম্যাচের জন্যই। তবে ক্লাবগুলো এ মাঠে ঘরোয়া ফুটবল ফেরানোর দাবি জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাফুফে ঘোষণা দিয়েছিল লিগ ও ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ তারা ঢাকা স্টেডিয়ামে আয়োজন করবে।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সাতটি ম্যাচ রাখা হয়েছে জাতীয় স্টেডিয়ামে। আজ এ স্টেডিয়ামে ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস ও রহমতগঞ্জ।
এছাড়া ১ ডিসেম্বর এই মাঠে মোহামেডান খেলবে বাংলাদেশ পুলিশ দলের সঙ্গে। ৮ ডিসেম্বর আবাহনীর মুখোমুখি হবে ব্রাদার্স। ২২ ডিসেম্বর আবাহনী-রহমতগঞ্জ, ২৯ ডিসেম্বর বসুন্ধরা-পিডব্লিউডি, ৫ জানুয়ারি পুলিশ খেলবে পিডব্লিউডির সঙ্গে এবং ১২ জুন বসুন্ধরার প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ।
এদিকে, গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামকে ভেন্যু তালিকায় রাখা নিয়ে আছে অস্বস্তি। ফেডারেশন কাপের সদ্য প্রকাশিত সূচিতে চারটি ম্যাচ রাখা হয়েছে, যেখানে কিছুদিন ধরেই চলছে রাজনৈতিক অস্থিরতা। ১ ডিসেম্বর এই মাঠে বসুন্ধরা ও আরামবাগের ম্যাচ রাখা হয়েছে। এখন রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই মাঠে ঢাকা থেকে গিয়ে ক্লাবগুলো খেলতে চাইবে কি না, সেটাও এক বড় প্রশ্ন।



