এরপর কী

এক খোলা চিঠিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই ফুটে উঠেছে ২১ বছরের ক্যারিয়ারের পথচলা।
সোলেদাদ পাস্তোরুত্তির বিখ্যাত স্প্যানিশ গান ‘ব্রিন্দিস’এর সুর দিয়ে শুরু হওয়া ভিডিওটিতে প্রথমে দেখা যায় ছোট মেসিকে, যিনি পরে আছেন সেই পাড়ার ক্লাবের জার্সি। এরপর দেখানো হয় একটি সাক্ষাৎকার, যেখানে তাকে প্রশ্ন করা হয়, ‘তোমার স্বপ্ন কী?’ মেসি ঠিক ম্যারাডোনার স্টাইলে বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা।’ পরের দৃশ্যেই ফুটে ওঠে আকাশি-সাদা জার্সিতে মেসি। তার স্বপ্ন সত্যি হচ্ছে।
এরপর আসে জাতীয় দলের জার্সিতে মেসির একের পর এক মুহূর্তের ছবি। এরপর সোলেদাদের জোরালো কণ্ঠ সাময়িকভাবে থামিয়ে শোনা যায় মেসির নিজের কথা। ভিডিওটির শেষ ভাগে দেখা যায় আর্জেন্টিনার জার্সিতে মেসির জেতা সব ট্রফি উদযাপনের মুহূর্তগুলো। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাজপথে নেমে আসা লাখো মানুষের দৃশ্য, যারা এক সুরে চিৎকার করে গাইছিলেন ‘মেসি, মেসি, মেসি’।
জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও লিওনেল মেসির লক্ষ্য শেষ হয়ে যায়নি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি আছে ২০২৮ সাল পর্যন্ত। তবে চুক্তিপত্র দিয়ে মেসিকে বেঁধে রাখা সম্ভব নয়। তিনি যখন চাইবেন তখনই অবসর নিতে পারবেন। ইন্টার মায়ামি সেটা মেনে নেবে।
ইউরোপিয়ান ফুটবল ছাড়লেও কেউ তাকে নবম ব্যালন ডি’অর জয়ের দৌড় থেকে বাদ দিচ্ছেন না।
এরপর আসে ফুটবলের বাইরের জীবন। তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর, নিজস্ব ওয়াইন ব্র্যান্ড ও এনার্জি ড্রিংকস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকও। তিনি কিনেছেন ক্লাবও। অবসরের পর থাকতে পারেন কাতালুনিয়ায়। আর আর্জেন্টিনার ফুটবলের চিরন্তন দূত হিসেবে তো উপস্থিতি থাকবেই।
আগ্রহ থাকবে তার রেখে যাওয়া ১০ নম্বর জার্সির উত্তরাধিকার নিয়েও? শেষবার ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। কিন্তু তার চেয়ে সম্ভাবনায় এগিয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলে ১০ নম্বর জার্সিতেই খেলেন তিনি। মেসির পজিশনে আর্জেন্টিনা দলে খেলবেন নিকো পাস। বয়স মাত্র ২১ বছর হলেও অনেকের চোখে তিনিই ভবিষ্যতের প্রতীক। মাঝমাঠের কারিগর এনসো ফার্নান্দেসেরও সুযোগ আছে এটা পাওয়ার।







