জাপান ভ্রমণই সার বাংলাদেশের

আশার বেলুন ফুলিয়ে এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। সেই বেলুন ফুটো হয়েছে আইচি-নাগোয়ায়। ক্রিকেট থেকে হাতছাড়া হয়েছে দুটি পদক। আরচারি, কাবাডি, হকি, মেয়েদের ফুটবল— সুখবর নেই কোথাও। তবে ‘আল্লাহর দান’ হিসেবে উশুতে নারী ৫২ কেজি ক্যাটাগরির সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পান জিন্নাত আক্তার। প্রথম রাউন্ডে বাই ও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ডিসকোয়ালিফায়েড হওয়ায় ১৯৮৬ সিউল গেমসের পর এশিয়াডে ব্যক্তিগত প্রথম পদক পায় বাংলাদেশ। অথচ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৫, পাকিস্তান ১০, শ্রীলঙ্কা ৩ আর নেপাল পেয়েছে ২টি পদক। ১টি পদক পেয়ে বাংলাদেশ হয়েছে যৌথভাবে ৩৭ তম।
পারফরম্যান্স মূল্যায়নে কমিটি
এশিয়ান গেমসে হতাশ করেছে ক্রিকেট। একসময় ছেলেদের দল সোনা জিতলেও এবার ফিরেছে খালি হাতে। মেয়েরা গতবার ব্রোঞ্জ জিতলেও এবার নিগার সুলতানার দলও পায়নি কোনো পদক। গতকাল রবিবার সমাপনী অনুষ্ঠানে পতাকা বহন করেছেন ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস। তার হাতে পতাকা দেওয়ার কারণ নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ গণমাধ্যমে বলেছেন, ‘ক্রিকেটে পদক আসবে এটা ভেবেই আমরা ক্রিকেট দলের অধিনায়ককে পতাকার জন্য মনোনীত করেছিলাম। কয়েক দিন আগে আয়োজকদের নাম দেওয়া হয়েছিল।’ সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে পুরুষ কাবাডি দল। প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারালেও জাপানের কাছে হেরে পদকের লড়াই থেকে ছিটকে যেতে হয় বাংলাদেশকে।
আরচারিতে কয়েক মাস আগে এশিয়া কাপে কম্পাউন্ড পুরুষ দল সোনা জিতলেও এশিয়ান গেমসে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি। পুরুষ হকি দল থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম স্থান নিয়ে আসর শেষ করেছে। তবে পঞ্চম বা ষষ্ঠ হওয়ার সুযোগ হাতছাড়া করেছে তারা। মেয়েদের ফুটবল দল উত্তর কোরিয়ার কাছে হজম করেছে ১০ গোল।
এমন ব্যর্থতায় ফেডারেশনগুলোর পারফরম্যান্স মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল সচিবালয়ে তিনি বলেছেন, ‘এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রত্যেকটি ফেডারেশন এবং এশিয়ান অঞ্চলের ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া ফেডারেশনগুলোর খেলোয়াড়দের পারফরম্যান্সসহ সার্বিক বিষয় মূল্যায়ন করা হবে। প্রত্যেকটি ফেডারেশন থেকে তাদের খেলোয়াড়দের যে পারফরম্যান্স, তাদের যে সবকিছুর একটি মূল্যায়ন রিপোর্ট— সেটি আমরা পেলে তারপর সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে আবারও তুলে ধরব। বাংলাদেশের ফল অত্যন্ত হতাশাজনক। তবে, শুরুতেই ফল নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার কারণ নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো ফল করার চেষ্টা করতে হবে।’
পদক কমেছে চীন-ভারতের
এশিয়ান গেমস মানেই চীনের জয়জয়কার। গত আসরেও রেকর্ড ২০১টি সোনাসহ ৩৮৩ পদক জিতেছিল তারা। এবার জাপানে চীন শীর্ষে থাকলেও ১৬৯ সোনাসহ তাদের পদক ৩৪১টি। গতবারের চেয়ে সোনা কমেছে ৩২টি।
এশিয়ান গেমসে পরাশক্তি হয়ে উঠছে ভারত। গত আসরে ২৮ সোনাসহ ১০৭ পদক নিয়ে চতুর্থ হয়েছিল তারা। এবার চতুর্থস্থান ধরে রাখলেও পদক কমেছে ভারতের। তাদের সোনা ২১টি আর পদক কমে দাঁড়িয়েছে ৮৫-তে। উত্থান হয়েছে স্বাগতিক জাপানের। নিজেদের ইতিহাসে রেকর্ড ৮৩টি সোনা জিতেছে তারা। এর আগে ১৯৬৬ ব্যাংকক এশিয়ান গেমসে তারা জিতেছিল ৭৮ সোনা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইরানের ৫২টি পদক নিয়ে সেরা ছয়ে থাকাটা কৃতিত্বের।
আলো কেড়েছেন যারা
১০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইভেন্টে ১১.০৬ সেকেন্ডে সোনা জেতেন চীনের চেন ইউজি। ১৭ বছরের এই কিশোরী গড়ল এশিয়ান গেমসের ইতিহাসেই দ্রুততম মানবী হওয়ার কীর্তি। ছেলেদের ১০০ মিটারে একই কীর্তি গড়েন থাইল্যান্ডের ২০ বছরের পুরিপল বুনসন। ফাইনালে ৯.৯০ সেকেন্ড নিয়ে ভেঙেছেন এশিয়ান গেমসের রেকর্ড। এরপর ২০০ মিটার স্প্রিন্টের সোনাও জেতেন তিনি।
১৭ বছরের জাপানি সাঁতারু শিন ওহাসি ভেঙেছেন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের বিশ্বরেকর্ড। এ ছাড়া ১৩ বছরের চীনের সাঁতারু ইউ জিদি জিতেছেন ৩টি সোনা।
২০৩০ সালের গেমস দোহায়
২০০৬ সালে প্রথমবার এশিয়ান গেমস আয়োজন করেছিল দোহা। ২০৩০ সালে দ্বিতীয়বার মর্যাদার এই গেমস আয়োজন করবে তারা। গতকাল সমাপনী অনুষ্ঠানে সেই গেমসের পতাকা তুলে দেওয়া হয় দোহার কর্তাদের হাতে।



