৩ দিনেই ইনিংসে জিতল খুলনা

ছবি: আগামীর সময়
আড়ম্বর আর আয়োজন থাকলেও প্রতিদ্বন্দিতার অভাবের জায়গাটা আগের মতই রয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগে। খুলনার কাছে তিনদিনেই ইনিংস ব্যবধানে হেরে গেল বরিশাল। প্রথম ইনিংসে ৯৪ রানে অলআউট হওয়ার পর ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে অলআউট হয়েছে কীর্তনখোলা পাড়ের বাসিন্দারা। হেরে গেছে ইনিংস এবং ১৩৫ রানে।
রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে ১৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয়ের পর সেঞ্চুরি করেন চট্টগ্রামের আরেক ওপেনার সাদিকুর রহমান, ১১৫ রান করে আউট হয়েছেন তিনি। ইরফান শুক্কুর করেন ৮৬ রান। চট্টগ্রামের প্রথম ইনিংস থামে ৩৯৩ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে, তৃতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান।
মিরপুরে ঢাকার বিপক্ষে ৬২ রানে এগিয়ে আছে রংপুর। ঢাকাকে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট করে দেবার পরেও স্বস্তিতে নেই আকবর আলীর দল, দ্বিতীয় ইনিংসে ৬ রান তুলতেই তাদের ৩ উইকেট নেই। প্রথম ইনিংসে ৩৪০ রানে অলআউট হয়েছিল রংপুর।
সিলেটে ময়মনসিংহ লিড নিয়েছে ১৩২ রানের। সিলেটকে ৩২৭ রানে অলআউট করে দেবার পর দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৪৮ রান। মাহফিজুল ইসলাম রবিন অপরাজিত ৮৬ রানে।



