হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট

প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে আবারও বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়ে দলের ২১ রানের লিডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দ্বিতীয় ইনিংসেও থামেননি হাসান। নিয়েছেন ৫১ রানে ৩ উইকেট।
সবমিলিয়ে হাসান নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশি এই পেসারের আগুন ঝড়ানোর ম্যাচে কেন্ট জয় পেয়েছে ৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে উস্টারশায়ার গুটিয়ে যায় ২৯৫ রানে। উস্টারশায়ারের অধিনায়ক ব্রেট ডি’অলিভিয়েরা অপরাজিত ছিলেন ১০৩ রানে। কিন্তু অন্যরা সঙ্গ দিতে পারেননি তাকে।
কেন্ট প্রথম ইনিংসে ২৩৮ ও দ্বিতীয় ইনিংসে করেছিল ৩৫৮ রান। জবাবে উস্টারশায়ার প্রথম ইনিংসে ২১৭ করার পর আজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৯৫-এ।
কেন্টের হয়ে আগের দুই ম্যাচেও ১২ উইকেট নিয়ে নজর কাড়েন হাসান। দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।





