- এক মাস আগে(১৩:৪৮)

অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের রেকর্ড গড়া ৬ উইকেটের সুবাদে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। এরপর ব্যাট হাতে দারুণভাবে অজি পেসারদের সামলে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনো ১০৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
মুমিনুল অপরাজিত আছেন ৩৫ রানে, তানজিদ তামিমের রান ৩২। অজিদের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।
- এক মাস আগে(১৩:৩০)

৫০ পার করল মুমিনুল-তানজিদ জুটি
দ্বিতীয় উইকেটে দারুণভাবে অজি বোলারদের বিপক্ষে লড়ছেন মুমিনুল হক ও তানজিদ তামিম। প্রথম দিনের শেষভাগে এসে এই জুটি পেরিয়ে গেল ৫০ রান।
২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৮ রান। মুমিনুল অপরাজিত আছেন ৩৩ রানে, তানজিদের রান ২৭।
- এক মাস আগে(১৩:১৫)
দলীয় ৫০, তামিমকে ছাড়িয়ে মুমিনুল
অস্ট্রেলিয়ার ব্যাটারদের মতো নড়বড়ে নয়, বেশ দৃপ্তপদে এগিয়ে চলছেন বাংলাদেশ ব্যাটাররা। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৫০ রানের কোটা পার করেছে বাংলাদেশ। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৫।
২০ রান করে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাদমান ইসলাম। তবে ৪৩ বলে তিন চারে তানজিদ তামিমের ১৯ রানে এগিয়ে চলা সাবলীল। সঙ্গে অপরাজিত আছেন ৯ রান করা মুমিনুল হক।
এই ইনিংসে ৫ রান করেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় নিজেকে দ্বিতীয় অবস্থানে তুলে এনেছেন মুমিনুল। ৭৯তম ম্যাচে তার সংগ্রহ ৫ হাজার ১৪০। এই অবস্থানে এতদিন ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান নিয়ে ছিলেন তামিম ইকবাল। সর্বোচ্চ ১০৪ ম্যাচে ৬ হাজার ৮০৬ রান মুশফিকুর রহিমের।
- এক মাস আগে(১৩:০৭)

প্রথম উইকেট হারাল বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। সাবলীল খেলে মাত্র ৩০ বলেই দুই চারে ২০ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। তবে মিচেল স্টার্কের শরীর বরাবর ছুটে আসা বলে মনসংযোগ হারালেন বাংলাদেশ ওপেনার। অনসাইডে ফ্লিক করে রান নেওয়ায় চেষ্টায় মিসটাইম করলেন সাদমান। হাতের গ্রিপ থেকে ব্যাট ঘুরে যাওয়ায় সহজ ক্যাচ ওঠে। কাভার পয়েন্টে বল তালুবন্দি করেন নাথান লায়ন। ৩৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে ১৬২ রানে পিছিয়ে সফরকারীরা। অপরপ্রান্তে তামিম অপরাজিত ৯ রানে।
- ২ মাস আগে(১২:০৮)

হাসানের ৬ উইকেট, অস্ট্রেলিয়াকে দুইশোর নিচে অলআউট করল বাংলাদেশ
এমন সকাল কোনো বাংলাদেশি ক্রিকেটপ্রেমী দেখবেন, একদিন আগেও এমন ভাবনা ছিল আকাশ-কুসুম কল্পনা। শুধু ক্রিকেটপ্রেমী কেন! খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বা অস্ট্রেলিয়ায় টেস্টে এক ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদও হয়তো ভাবেননি এতটা। কিন্তু বাস্তবতা বড়োই কঠোর।
সেই কঠোরতার স্বাদ পেল অস্ট্রেলিয়া। এতদিন যে পেস বোলিং ইউনিট ছিল বাংলাদেশের গর্ব, তার তেজ দেখল তারা। বাংলাদেশি পেসারদের তোপে ডারউইনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০ করার আগেই মাত্র ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে টেস্টে তাদের দলীয় সর্বনিম্ন রানের কীর্তি।
এই কৃতিত্ব পেসারদের। হাসান মাহমুদ তৃতীয়বারের মতো নিলেন ইনিংসে ৫ উইকেট। এই সাফল্যকে আরও একটু বাড়িয়ে ৫৫ রানে নিলেন ৬ উইকেট। টেস্টে তার ক্যারিয়ার সেরা। যেন অস্ট্রেলিয়ার মাটিতে নেমেই সাড়াজাগানো কিছু করার তাড়না তাকে স্পৃহা জুগিয়েছে। আর নিজের স্পৃহা শক্তিতে সফল হয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়।
হাসানের সঙ্গ হয়েছিলেন বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুজনই নিয়েছেন দুই উইকেট করে। এতে টেস্টে দ্বিতীয়বার প্রতিপক্ষের সবকটি উইকেট নিলেন বাংলাদেশ পেসাররা। এর আগেরটি ছিল ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।
- ২ মাস আগে(১১:২৪)

স্মিথকে ফিরিয়ে হাসানের গর্বের ৫ উইকেট
অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার পথে বাঁধা হয়েছিলেন স্টিভেন স্মিথ। তাকে ফিরিয়েই নিজের ইনিংসে ৫ উইকেট পূর্ণ করলেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণ শক্তির দলটির সঙ্গে হাসানের এই কীর্তি তার জন্য বিশাল গর্বের। এ নিয়ে টেস্টে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।
৭১ রানে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরির পথে হাঁটছিলেন স্মিথ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের সঙ্গেই এই কীর্তি করা হয়নি অজি ব্যাটারের। অপেক্ষা আরেকটু বাড়ল তার। স্মিথকে দলীয় ১৮৯ রানে ফেরানোয় স্বাগতিকদের দুইশোর আগে অলআউট করার সুযোগ বাড়ল বাংলাদেশের জন্য।
- ২ মাস আগে(১১:০৮)

তাসকিনের বলে ক্লিন বোল্ড ওয়েবস্টার। এই ছবির মতো অস্ট্রেলিয়াও যেনো বাংলাদেশ পেসারদের কাছে ক্লিন বোল্ড হয়েছে। ছবি: ক্রিকইনফো
ডারউইনে দ্বিতীয় সেশনও বাংলাদেশের
ডারউইন টেস্টে প্রথম ঘণ্টা বাদ দিলে অস্ট্রেলিয়ার নামে আর কিছুই নেই। ম্যাচের প্রথমদিন ওই ১ ঘণ্টা ছাড়া বাকি সময় পুরোপুরি রাজত্ব করছে বাংলাদেশ।
পেসারদের দাপটে এখন পর্যন্ত হওয়া দুই সেশনই জয় নাজমুল হোসেন শান্তদের। মাত্র ১৮৩ রানে অস্ট্রেলিয়ার ৮ উইকেট নিয়ে প্রথম দিন চা বিরতিতে যায় বাংলাদেশ।
দুই সেশনেই চার উইকেট করে নিয়েছেন পেসাররা। লাঞ্চের আগে মাত্র ৭৪ রান করতেই ৪ উইকেট নেই অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সেশনে স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে ১০৯ রান উঠেছে তাদের বোর্ডে। তবে এই রান তুলতে এবারও হারাতে হয় ৪ উইকেট।
৩৮তম হাফসেঞ্চুরি করা স্মিথ একাই টানছেন দলকে। ২ রানে জীবন পাওয়ার পর থেকে আর ভুল করেননি এই অভিজ্ঞ ব্যাটার। অপরাজিত আছেন ৬৭ রানে।
অস্ট্রেলিয়ার ইনিংসে বলার মতো জুটি মাত্র দুটি। ওপেনিংয়ে ট্রাভিস হেড (২২) ও জ্যাক ওয়েদারাল্ডের (২৩) ৪৫ আর পঞ্চম উইকেটে ১৯ রান করা অ্যালেক্স ক্যারিকে নিয়ে স্টিভেন স্মিথের ৫৫।
অবিশ্বাস বোলিং করা বাংলাদেশ পেসাররা এখন পর্যন্ত অজিদের ৮ উইকেট নিয়েছেন ভাগাভাগি করে। চারটি হাসান মাহমুদ, দুটি করে তাসকিন ও ইবাদত হোসেন।
- ২ মাস আগে(১০:৫৭)

হাসানের ৪ উইকেট, অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংসে ৫ উইকেট নেওয়ার আনন্দ থেকে আর এক শিকার দূরে হাসান মাহমুদ। অবিশ্বাস্য নিয়ন্ত্রিত বোলিং সঙ্গে অস্ট্রেলিয়ান ব্যাটারদের ভুল মিলিয়ে ডারউইনে দারুণ সময় কাটাচ্ছেন হাসান। মাত্র ১ রানে ফিরিয়েছেন মিচেল স্টার্কে। এতে ১৭৬ রানে অস্ট্রেলিয়া হারায় অষ্টম উইকেট। টেস্টে দ্বিতীয়বার প্রতিপক্ষের সব উইকেট শিকার করা থেকে মাত্র ২ উইকেট দূরে বাংলাদেশ পেসাররা। একপ্রান্তে একের পর এক উইকেট হারালেও ৩৮তম ফিফটি করা স্টিভেন স্মিথ অপরাজিত ৬০ রানে।
- ২ মাস আগে(১০:৩৩)

অসি অধিনায়ককে ফেরালেন হাসান। ৭ উইকেট নেই অস্ট্রেলিয়ার!
১৭২ রানে নেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট। অবিশ্বাস্য বোলিংয়ে ডারউইন টেস্টে এমন দুর্দান্ত স্কোরকার্ড উপহার দিয়েছেন বাংলাদেশ বোলাররা। এবার হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করা প্যাট কামিন্স। ৩৮তম টেস্ট হাফসেঞ্চুরি করা স্টিভেন স্মিথের সঙ্গে তার ২০ রানের জুটি থামালেন তৃতীয় উইকেট নেওয়া হাসান। স্মিথ অপরাজিত ৫৮ রানে।
- ২ মাস আগে(১০:১৪)

১৫০ পার হতে নেই অস্ট্রেলিয়ার ৬ উইকেট
এবার উইকেট এনে দিলেন তাসকিন আহমেদ। অফস্ট্যাম্প চ্যানেলে গুড লেন্থের বল পুরোপুরি মিস করেন বিউ ওয়েবস্টার। ১২ রান করা এই ব্যাটার তাসকিনের মুখোমুখি হওয়া বল ফেস করতে ঠিক সময়ে ব্যাট নামাতে দেরি করলেন। আর তাতেই বল খুঁজে নিল স্ট্যাম্পকে। স্টিভেন স্মিথের সঙ্গে তার ২৩ রানের জুটি থামল। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ১৫২ রানে ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার। তাসকিন নিলেন নিজের দ্বিতীয় উইকেট।
- ২ মাস আগে(০৮:৪২)

লাঞ্চের পর বোলিংয়ে এসেই ক্যারিকে বোল্ড করেন ইবাদত। ছবি: ক্রিকইনফো
লাঞ্চের পর ঘণ্টায় পার হতেই উইকেট এনে দিলেন ইবাদত
লাঞ্চের পর বেশ সতর্ক হয়েই খেলছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। লাঞ্চের আগে দারুণ বল করা বাংলাদেশ বোলারদের কোনো সুযোগ দিচ্ছিলেন না তারা। পাশাপাশি ভালো বল সতর্কতার সঙ্গে খেলে উইকেটে থিতু হওয়ার লড়াইয়েও সফল তারা। এতে উইকেটে ভালো ভাবেই টিকে গিয়েছিলেন দুজনে। তাতে কি! এই বাংলাদেশ উইকেট আদায় করে নিতে জানে।
লাঞ্চের পর ঘণ্টা পার হতে প্রথম বোলিং পরিবর্তন করেন নাজমুল হোসেন শান্ত। ইবাদত তার ১০ ওভারের প্রথম বলেই নিলেন উইকেট। ১৯ রানে খেলতে থাকা ক্যারিকে পরাস্ত করলেন ইনসাইডেজে। গুডলেন্থ থেকে এক্সট্রা বাউন্স বলটি খেলতে গিয়ে খেই হারান ক্যারি। মাঝ ব্যাটে করতে ব্যর্থ হওয়ায় বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত করে। ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট পেলেন ইবাদত।
থামল স্মিথ-ক্যারির ৫৫ রানের জুটি। ১২৯ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
- ২ মাস আগে(০৮:২৪)

লাঞ্চের আগেই জোড়া উইকেট পেয়েছেন হাসান। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার চার উইকেট নিয়ে মাথা উঁচু করে লাঞ্চে বাংলাদেশ
ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন অবিশ্বাস্য সফল কেটেছে বাংলাদেশের। মাত্র ৭৪ রানে ৪ অস্ট্রেলিয়ান ব্যাটারকে সাজঘরে ফেরানোর আনন্দ নাজমুল হোসেন শান্তদের।
প্রথমদিন লাঞ্চের আগে শেষ ওভারের শেষ বলে দিনের চতুর্থ সাফল্য পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের স্ট্যাম্পের বলে ফ্লিক করতে গিয়ে মিসটাইম শট খেলেন ক্যামেরন গ্রিন। মিডউইকেটে শার্প ক্যাচ নেন মুশফিকুর রহিম। ১৩ রান করা গ্রিন ফেরায় ৭৪ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এর আগের ওভারে ৭ রানে স্টিভেন স্মিথকে ফেরানোর সুযোগ ছিল। ইবাদত হোসেনের অফস্ট্যাম্পের বাইরের বলে রক্ষণাত্মক খেলতে গিয়ে বল মিস করেন স্মিথ। রিপ্লেতে আরডিজিএসে দেখা যায় বল ব্যাট ছোঁয়ার কোনো স্পাইক মেলেনি। স্বাভাবিক ভাবেই আবেদন নাকচ হয়। ইনিংসে দ্বিতীয় রিভিউ হারায় বাংলাদেশ।
দুবার আউট হওয়া থেকে বেঁচে যাওয়া স্মিথের উইকেট পেলে ৫ শিকার নিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ পেতো বাংলাদেশ। অবশ্য তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন শান্তরা। টসের সময় আগে বোলিং নেওয়ার কথা জানিয়েছিলেন অধিনায়ক। টস না জিতে অস্ট্রেলিয়ার দেওয়া উপহারের সঠিক ব্যবহার করেছেন বাংলাদেশ বোলাররা।
ইনিংসে লাঞ্চের আগ পর্যন্ত জ্যাক ওয়েদারাল্ডের ২৩ ও ট্রাভিস হেডের ২২ রানে শুরুর ৪৫ রানের জুটি ছাড়া ভালো সময় ছিল না স্বাগতিকদের। উল্টো বাংলাদেশের চাপে কোনঠাসা অস্ট্রেলিয়া যেনো হাসান-ইবাদতদের বোলিংয়ের কোনো জবাব খুঁজে পাচ্ছে না।
- ২ মাস আগে(০৮:১০)

আরও এক উইকেট! অফফর্মের লাবুশেনকে ফেরালেন ইবাদত
টেস্টে অনেকদিন ধরেই বড় রানের দেখা নেই মার্নাস লাবুশেনের। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ছিলেন নড়বড়ে। ১৯ বল খেলেও ১ রান থেকে এগোতে পারছিলেন না। লাবুশেনের অফফর্মের সুযোগটাই নিয়েছে বাংলাদেশ। ইবাদত হোসেন অফস্ট্যাম্পের বাইরের চ্যানেলে বল রাখলেন। হার্ড হ্যান্ডে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন লাবুশেন। ২০ বলে মাত্র ১ রান করা এই ব্যাটারের ক্যাচ দ্বিতীয় স্লিপে সহজেই তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। লাঞ্চের আগে ৬১ রানে তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।
- ২ মাস আগে(০৭:৫১)

স্মিথের ক্যাচ ফেললেন তামিম
১৭তম ওভারে মাত্র ২ রানে জীবন পেলেন স্টিভেন স্মিথ। ইবাদত হোসেনের অফস্ট্যাম্পের বাইরের বল স্মিথের ব্যাটের বাইরের কানায় লেগে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো তানজিদ তামিমের হাতে। অনেকটা নিচু হয়ে আসলে সামনে ঝুঁকে ক্যাচ নেওয়া কঠিন ছিল না তামিমের জন্য। বল হাতে আসলেও তা রাখতে ব্যর্থ হন এই ওপেনার। দলীয় ৫৫ রানে স্মিথকে ফেরানোর সুযোগ হারল বাংলাদেশ।
- ২ মাস আগে(০৭:৩৬)

হাসানের আরেকটি উইকেট! ফিরলেন ট্রাভিস হেড
মাত্র ১৩ ডিলেভারি, ৭ রানে ২ উইকেট! দিনের শুরু থেকে উইকেটের অপেক্ষার মধুর প্রাপ্তি বাংলাদেশের। শুরু থকেই দুর্দান্ত লাইন লেন্থে বল করছিলেন হাসান। ট্রাভিস হেডকে একবার আউট করার সুযোগও তৈরি হয়েছিল কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। অবশেষে সেই ট্রাভিসকেই ফেরালেন বোল্ড করে।
নিজের আগের ওভারে উইকেট নেওয়া হাসান ১৪তম ওভারের চতুর্থ বলে প্রথমবার রাউন্ড দ্যা উইকেটে বল করেন। ওই বলেই পেয়েছেন সাফল্য। হাসানের হালকা ইনসুইংগার জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় ইনসাইডেজড হন হেড। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে স্ট্যাম্পে আঘাত করে।
ব্যাক্তিগত ২২ ও দলীয় ৫২ রানে থামলেন অস্ট্রেলিয়ার সেরা ওপেনার ট্রাভিস হেড।
- ২ মাস আগে(০৭:২২)

প্রথম আউট হলেন ওয়েদারাল্ড। ছবি: ক্রিকইনফো
১২তম ওভারে প্রথম সাফল্য বাংলাদেশের
ইনিংসের প্রথম থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে আসছিলেন বাংলাদেশ পেসাররা। দুবার অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে আউট করার সুযোগ তৈরি করলেও ভাগ্য সঙ্গ দেয়নি।
তবে বেশি অপেক্ষা করতে হয়নি। ১২তম ওভারেই এল প্রথম সাফল্য। হাসান মাহমুদের অফস্ট্যাম্পের বাইরে থেকে হালকা আউটসুইংগারে কাভার ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন জ্যাক ওয়েদারাল্ড।
২৩ রান করা ব্যাটারে ক্যাচ সহজেই হাতে নিলেন লিটন। ৪৫ রানে অস্ট্রেলিয়া হারাল প্রথম উইকেট।
- ২ মাস আগে(০৭:০৪)

এলবিডব্লিউ আউট থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাভিস হেড। ছবি: ক্রিকইনফো
ইনিংসের নবম ওভারে প্রথম রিভিউ হারাল বাংলাদেশ
নবম ওভারে ট্রাভিস হেডকে বিপদেই রেখেছিলেন ইবাদত হোসেন। ওভারের চতুর্থ ও পঞ্চম, টানা দুই বলে হালকা ইনসুইংগারে বিট করেন হেডকে।
পঞ্চম বলে এলবিডব্লিউ জোড়ালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার কুমার ধর্মসেনা তা নাকচ করেন। রিভিউ নিতে দেরি করেননি নাজমুল হোসেন শান্ত। তবে রিভিউতে বল ট্র্যাকিংয়ে দেখা যায় অল্পের জন্য তা অফস্ট্যাম্প মিস করে।
ম্যাচে প্রথম রিভিউ হারাল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আরও দুটি রিভিউ বাকি শান্তদের। স্বাগতিকদের হাতে আছে পুরো তিনটি রিভিউ।
- ২ মাস আগে(০৬:২০)

ডারউইনের সবুজ উইকেটে বোলিং উপভোগ তাসকিন-হাসানের
সতর্ক শুরু অস্ট্রেলিয়ার
টস জিতে ডারউইনের সবুজ উইকেটে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরুর দুই অস্ট্রেলিয়ান ওপেনারের। ৫ ওভার শেষে তাদের রান ১৮। ডারউইনের ‘হোম বয়’ জ্যাক ওয়েদারাল্ড অপরাজিত ৪ রানে আর অপরপ্রান্তে ট্রাভিস হেড ব্যাট করছেন ৭ রানে।
শুরুর ৫ ওভারে নিয়ন্ত্রিত বোলিং ছিল তাসকিন ও হাসান মাহমুদের। হাসানের চতুর্থ ওভারে বলের লাইন মিস করায় ক্যাচ তুলে দেন হেড। অবশ্য আম্পায়ারের ঠিক পেছনে কোনো ফিল্ডার না থাকায় প্রথম উইকেট নেওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২৬, দুপুর ১৪:৫৯
টস হেরে আগে বোলিং পেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার ২৩ বছরের অপেক্ষা ফুরালো বাংলাদেশের। ২০০৩ সালে প্রথমবারের টেস্ট সফরেও ডারউইনেই শুরু হয়েছিল সিরিজ। সেবার মাত্র তিনদিনে শেষ হয় প্রথম টেস্টটি। নাজমুল হোসেন শান্তরা এবার নজর রেখেছেন ৫ দিনই ভালো ক্রিকেট খেলায়।
চলতি সিরিজের প্রথম টেস্টের ভাগ্য পরীক্ষায় হারতে হয়েছে বাংলাদেশকে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
প্রায় ২২ বছর ডারউইনের টিওআই স্টেডিয়ামে টেস্ট হচ্ছে। এতদিন পর আন্তর্জাতিক ম্যাচে মাঠটির পিচের আচরণ দুই দলের কাছেই অজানা। তবুও প্রথমদিনের পিচে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত স্বাগতিক দলের।
অজিদের এই সিদ্ধান্তে বেশ খুশি বাংলাদেশ অধিনায়ক শান্ত। টসের সময় জানিয়েছেন জিতলে বোলিং বেছে নিতেন। যা চইছিলেন তা পেয়ে যাওয়ায় দিনের শুরুতে উইকেটের ময়েশ্চার কাজে লাগিয়ে দ্রুত অজি ব্যাটিং লাইনের শুরুর ব্যাটারদের ফেরানোর আশা শান্তর।
নাহিদ রানার অনুপস্থিতিতে যথারীতি তাসকিন আহমেদকে পেস নেতৃত্বে রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাকি দুই পেসার হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। সঙ্গে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
ছয় ব্যাটারের সঙ্গে অলরাউন্ডার মিরাজকে সামলাতে হবে রান তোলার দায়িত্বে। অসি পেস বোলিং অ্যাটাকের আক্রমণ সামলে প্রস্তুতি ম্যাচে ভরাডুবি না ফেরানো হবে ব্যাটিং বিভাগের লক্ষ্য।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), জ্যাক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।



