লিটন দাস
অলিম্পিক কে না খেলতে চাইবে!

ছবি: আগামীর সময়
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। তবে সরাসরি অলিম্পিক নিয়ে ভাবনার চেয়ে আপাতত এশিয়ান গেমসকেই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন লিটন দাস। এই আসরে ভালো করে শেষ পর্যন্ত ফাইনালে উঠলে অলিম্পিকের স্বপ্নও পূরণ হতে পারে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
বুধবারের সংবাদ সম্মেলনে অলিম্পিকে খেলার ইচ্ছার কথা বলতে গিয়ে লিটন বলেছেন, ‘অলিম্পিক কে না খেলতে চাইবে! ফার্স্ট অফ অল আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি আমার মনে হয় শেষপর্যন্ত ওখানে আমরা পৌঁছে যাব।’
অলিম্পিকে পৌঁছানোর আগে এশিয়ান গেমসের পারফরম্যান্সকেই তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন লিটনরা। লক্ষ্যটা পরিষ্কার—ম্যাচ ধরে এগিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়া।
‘ফোকাস হচ্ছে যে এই ইভেন্টটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং যে জিনিসটা বললাম যে আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। ফাইনাল খেললে আপনার একটা সুযোগ থাকবে গোল্ড জেতার, তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে,’ বলেন লিটন।
ক্রিকেটে প্রচলিত ‘ম্যাচ বাই ম্যাচ’ নীতিতেই এগোতে চান তিনি। লিটনের ভাষায়, ‘ক্রিকেটে যে জিনিসটা বলি, সবসময় ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচেই যাব এবং বড় লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা।’
এদিকে এশিয়ান গেমসের আরেকটি দিকও উপভোগ করতে চান লিটন। সময় ও সুযোগ পেলে গ্যালারিতে বসে অন্য দেশের অ্যাথলেটদের বিভিন্ন ইভেন্ট দেখার আগ্রহ রয়েছে তার। কারণ, একই আসরে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে মেশার সুযোগকে শেখার বড় জায়গা হিসেবে দেখছেন তিনি।
লিটন বলেছেন, ‘যেহেতু সুযোগ হয়েছে, আমাদের যদি খুব বেশি ব্যস্ততা না থাকে, আমরা অনেক গেমকে ফলো করব। এবং এতে শিক্ষণীয় অনেক কিছু আছে, কারণ অনেক দেশের ক্রীড়াবিদ ওখানে থাকবে। এটা একটা ভালো জিনিস যে আপনি যেকোনো স্পোর্টসম্যানের সাথে কথা বলতে পারবেন এবং অনেক কিছু শেখার বিষয় আছে।’
এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্য যেমন সামনে, তেমনি দূরের স্বপ্ন হিসেবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও চোখ রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে লিটনের কাছে সেই স্বপ্নের প্রথম ধাপ—বর্তমান আসরে ফাইনাল খেলা।



