ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

ছবি: আগামীর সময়
গত কয়েক দিনে রাজধানীতে কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এগুলো আমলে নিচ্ছেন না প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, এ ধরনের ঘটনা দিয়ে ঢাকার সামগ্রিক পরিস্থিতিকে সংকটাপন্ন করে তোলা সম্ভব নয়।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটে, পাশাপাশি আগুনও দেওয়া হয় কয়েকটি বাসে। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা জড়িত বলে গোয়েন্দারা মনে করছেন।
বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন কি না- সাংবাদিকরা প্রশ্ন করলে জাহেদ উর রহমান বলেন, রাজধানীর কোথাও বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলেই সেটিকে কেন্দ্র করে বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার বিষয়ে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বশীলভাবে বিষয়গুলো দেখার প্রয়োজন রয়েছে।
সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান উপদেষ্টা।



