আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

আসাদ আলম সিয়াম। ফাইল ছবি
আসাদ আলম সিয়ামের ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকশিমনার হতে আর বাধা নেই। তার নিয়োগে দিল্লির সম্মতি মিলেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নিয়োগে সম্মতি দেওয়া হয় বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
আসাদ আল সিয়াম বর্তমানে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছেন। দিল্লিতে হাই কমিশনারের দায়িত্বে রয়েছেন রিয়াজ হামিদুল্লাহ।
সূত্র জানায়, রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হচ্ছে। তাই গত জুলাই মাসে ভারতে পরবর্তী হাই কমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নাম চূড়ান্ত করে দিল্লির সম্মতিপত্র চাওয়া হয়েছিল।
ভিয়েনা কনভেনশন অনুসারে, কোনো দেশ অন্য দেশে মিশনপ্রধান হিসেবে কাউকে নিয়োগের আগে ওই দেশের সম্মতি নিশ্চিত করবে।
কিন্তু দিল্লি সম্মতিপত্র না দেওয়ায় আসাদ আল সিয়ামকে ভারতে হাই কমিশনার নিয়োগ দেওয়া ঝুলে ছিল। তা নিয়ে নানা গুঞ্জনও তৈরি হয়।
বিষয়টি নিয়ে গত সপ্তাহে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশ ও ভারতের আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসার আগে কোনো গুঞ্জনে কান না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আসাদ আলম সিয়াম দিল্লি মিশনের দায়িত্বে গেলে পররাষ্ট্রসচিব পদে সালাহউদ্দিন চৌধুরী নোমান দায়িত্ব নেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সালাহউদ্দিন নোমান বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।




