আবুধাবি টেস্ট
সাদমান-তানজিদের ব্যাটে শতরানের উদ্বোধনী জুটি

তানজিদের ফিফটি উদযাপন।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম। দুজনের জুটিতে এসেছে ১২৪ রান। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওপেনিং জুটিতে শতরান দেখেছে বাংলাদেশ। সেই টেস্টে সাদমানের সঙ্গী ছিলেন মাহমুদুল হাসান।
আজ শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৬ বছর আগে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে ১৬১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে এবারই প্রথম খেলছে কোনো নিরপেক্ষ ভেন্যুতে।
অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকানো তানজিদ এদিন দুর্দান্ত খেলছিলেন। ৪১ বলে তুলে নেন ফিফটি। তার সেঞ্চুরি পাওয়াটাও সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। তবে দুর্ভাগ্য তানজিদের। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৮৩ রানে। তার ৭১ বলের ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছক্কার মার।
সাদমান অবশ্য ৫ রানে জীবন পেয়েছিলেন হাশমতউল্লাহ শহীদি ক্যাচ ফেলায়। তিনি খেলছেন টেস্ট মেজাজেই। ২৩.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৪ রান। ৬৯ বলে ৩৬ রানে অপরাজিত সাদমানের সঙ্গী হয়েছেন মুমিনুল হক।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।




