আত্মবিশ্বাসী হাসান মাহমুদ
টেস্টে বাংলাদেশের আধিপত্য দেখানোর এটাই সময়

সংগৃহীত ছবি
এই ফরম্যাটে তাদের অভিষেক ২৬ বছর আগে। দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও টেস্টে বাংলাদেশ এখনো সেভাবে দাপট দেখাতে পারেনি টাইগাররা। তবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবাইকে চমকে দিয়ে চতুর্থ স্থানে আছে তারা। পেসার হাসান মাহমুদ বলছেন, এই ফরম্যাটে বাংলাদেশের আধিপত্য দেখানোর এটাই সেরা সময়।
গত দুই বছরে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৬ টেস্টে। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিন পর টেস্ট খেলতে গিয়ে ডারউইনে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ এ সিরিজ শেষ করলেও ওই একটি জয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নিয়ে গেছে চতুর্থ স্থানে। তারা পেছনে ফেলেছে ভারতকেও। এবারের চক্রে বাংলাদেশের সামনে এখনো ৬টি ম্যাচ বাকি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৪টি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন হাসান। সেই ম্যাচে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডানহাতি এই পেসার।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমাদের দিকে মোমেন্টাম আসছে, অবশ্যই। এখন পরিবেশটাই এমন যে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আধিপত্য করতে পারে।’
ঘরের মাঠের ম্যাচগুলোতে ভালো করে ফাইনালের স্বপ্ন দেখছেন হাসান, ‘আমরা যদি ঘরের মাঠে চারটি ম্যাচ জিততে পারি, তাহলে কেন আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারব না? এখন বাংলাদেশের জন্য সেটাই স্বপ্ন।’
একসময় বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে প্রশ্ন থাকলেও নতুন প্রজন্মের পেসাররা নিজেদের সামর্থ্য দেখিয়ে সেই ধারণা বদলে দিচ্ছেন বলেই ধারণা হাসানের, ‘তারা এখন বুঝতে পারছে, বাংলাদেশেরও ভালো মানের ফাস্ট বোলার আছে, যারা বিশ্বমানের হতে পারে।’
হাসান আরও বলেন, ‘আমি শুধু নিজের কাজ করে যাচ্ছিলাম এবং বোলিং করছিলাম। তাদের সহজে মারার মতো কিছু দিইনি। শর্ট বল দিয়ে আক্রমণ করেছি এবং নিজের মতো করে বোলিং করে গেছি। তারা আমাকে মারলে মারুক।’



