ইংল্যান্ড সফরে ছাঁটাই হওয়া সালমানের ট্রিপল সেঞ্চুরি

সংগৃহীত ছবি
টানা দুই টেস্ট হেরে নজিরবিহীনভাবে ৭ ক্রিকেটার ছাঁটাই করেছিল পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া সালমান আলী আগা তাদের অন্যতম। টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে ঘরোয়া পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফিতে মাঠে নামেন সালমান।
সেখানেই কিংসমেন একাডেমির হয়ে আজ করলেন ট্রিপল সেঞ্চুরি। অ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়ামে মারখোর আইটি স্যলুশনের বিপক্ষে ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। ৭২ রানে ৩ উইকেট হারানোর পর হালটা ধরেন সালমান।
১২৭ বলে সেঞ্চুরি আর ২৭৬ বলে করেন ২০০। পরের ১০০ করেছেন মাত্র ৬০ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি সালমানের। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এর আগে আগার সেরা ইনিংস ছিল ১৬৯ রানের।
২৩তম পাকিস্তানি ব্যাটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন সালমান। অথচ লিডস টেস্টে তার দুটি ইনিংস ছিল ২১ ও ৪ রানের।



