উইল জ্যাকসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস এবং বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—উইল জ্যাকসের দুর্দান্ত অল-রাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৯ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। স্লো ও নিচু বাউন্সের উইকেটে লঙ্কানদের স্কোর দুইশ ছুঁতে পারেনি। এর মাধ্যমে চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে টানা দশম জয় পেল ইংল্যান্ড।
চেস্টার-লিস্টির ব্যাংক হোম রিভারসাইড মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অল-আউট হয় ইংল্যান্ড। মজার ব্যাপার হলো, ২০১৯ সালের পর এই প্রথমবার প্রথম ইনিংসে ব্যাট করার সময় কোনো ছক্কা হাঁকাননি ইংলিশ ব্যাটাররা। উইকেটের চরিত্র বুঝতে পেরে শুরু থেকেই তারা সাবলীল খেলার চেষ্টা করেন। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। এছাড়া জো রুট ৪৪ এবং শেষ দিকে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে ৪৬ রানে অপরাজিত থাকেন উইল জ্যাকস। শ্রীলঙ্কার হয়ে অভিষিক্ত লেগ স্পিনার শচিন্দু কোলম্বাজে ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন। ২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটিং ছিল বেশ রক্ষণাত্মক। মিডল অর্ডারে দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেললেও দলের বাকি ব্যাটাররা ছিলেন যথেষ্ট মন্থর। নির্ধারিত ৩৭ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বল হাতে এদিন সব আলো কেড়ে নেন উইল জ্যাকস। অফ স্পিনে ঘায়েল করেন অধিনায়খ কুশল মেন্ডিস (৪২) ও চারিথ আসালাঙ্কার (১) মতো ব্যাটারদের। এরপর লেজের দিকটা ছেঁটে দিয়ে ৭ ওভারে মাত্র ২২ রানে তুলে নেন ৫ উইকেট।
১৯৮৪ সালের পর ওয়ানডে ক্রিকেটে কোনো ইংলিশ স্পিনারের এটাই সেরা বোলিং ফিগার। এছাড়া জেমস ওভারটন দুটি উইকেট নেন। জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসন (২৫ রানে ১ উইকেট) আঁটসাঁট বোলিং করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার হেন্ডিংলিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে নামবে স্বাগতিকরা।




