ইটিপিএল
দ্রাবিড় এখন দলের মালিক, পাঁচ ম্যাচ হেরেও নির্ভার

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার ও সফল কোচিং অধ্যায় পেরিয়ে এবার নতুন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি ডাবলিন গার্ডিয়ানস-এ বিনিয়োগ করেছেন। ভারতের জাতীয় দল ও আইপিএলে দ্রাবিড়কে কোচ হিসেবে দেখেই সবাই অভ্যস্ত। এবার তাকে ফ্র্যাঞ্চাইজির মালিকের ভূমিকায় দেখে বেশ রোমাঞ্চিত দলের কোচ বিক্রম রাঠোর।
ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে রাঠোর জানিয়েছেন, প্রথম পাঁচ ম্যাচে জয়ের দেখা না পেলেও দলের মালিক হিসেবে দ্রাবিড় সবসময় দারুণ সমর্থন জুগিয়ে গেছেন। তিনি বলেন, ‘রাহুল একজন মালিকের মতো আচরণ করছেন। আমার মানে, তিনি খুব বেশি নাক গলাচ্ছেন না। তাই বিষয়টি বেশ ভালোই হচ্ছে। যেমনটা আমি আগেও বলেছি, অন্য পাশে এমন কাউকে পাওয়া দারুণ ব্যাপার, কারণ কোচ হিসেবে তিনি যথেষ্ট সময় কাটিয়েছেন। তাই দল কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে এবং ফলাফল কেমন হতে পারে, তা তিনি বোঝেন।’
ডাবলিন গার্ডিয়ানসের এই কোচ আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরুর এই কঠিন সময়ে, যেখানে আমরা প্রথম পাঁচ ম্যাচের একটাতেও জিততে পারিনি, তিনি অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিলেন। তিনি সত্যিই দারুণ, যা আপনি রাহুলের মতো একজনের থেকে আশা করবেন।’
ডাবলিন ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দিচ্ছেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, যিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আরও আগেই। রাঠোর জানিয়েছে, দলের মাঠের ভেতরের কৌশল, প্রতিপক্ষের পরিকল্পনা বা দল নির্বাচনের মতো দৈনন্দিন ক্রিকেটীয় বিষয়গুলো মূলত অশ্বিনই সামলাচ্ছেন। আর মালিক হওয়া সত্ত্বেও দ্রাবিড় এই সিদ্ধান্তগুলোতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ করছেন না।
রাঠোর বলেন, ‘অশ্বিনের কথা বলতে গেলে, ক্রিকেট ও ক্রিকেটারদের সম্পর্কে তার বিপুল জ্ঞান রয়েছে। আমি তাকে একজন ক্রিকেট পাগল বলতেই পারি। সে এত বেশি ক্রিকেট দেখে এবং সারা বিশ্বের খেলোয়াড়দের সম্পর্কে তার যে জ্ঞান, তা সত্যিই অভূতপূর্ব। কন্ডিশন এবং খেলোয়াড়দের সম্পর্কে সে যা জানে, তা মাঝেমধ্যে আপনাকে অবাক করবে। তাই এমন কাউকে পাশে পাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার।’





