নাসের হুসেইন
পাকিস্তান টেস্ট ক্রিকেটের অসম্মান করছে

ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে উড়িয়ে এনে ওপেনার সাইম আইয়ুবকে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে খেলানোর সিদ্ধান্তকে ‘টেস্ট ক্রিকেটের প্রতি চরম অসম্মান’ বলে অভিহিত করেছেন নাসের হুসেইন। প্রথম শ্রেণির ক্রিকেটের প্রস্তুতি ছাড়াই হুট করে টেস্টের মতো কঠিন লড়াইয়ে নামিয়ে দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। দুই ইনিংসেই জোড়া ডাক মারা সাইমের এই ব্যর্থতার পেছনে পিসিবির অপরিপক্ব পরিকল্পনাকেই দায়ী করেছেন তিনি।
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনের তোপের মুখে পড়ে দুই ইনিংসেই খাতা খুলতে ব্যর্থ হন সাইম। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মন্থর উইকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের চনমনে মেজাজ থেকে সোজা ইংল্যান্ডের মেঘাচ্ছন্ন কন্ডিশন, ডিউক বল এবং বিশ্বমানের পেস আক্রমণের মুখোমুখি হওয়ার এই পুরো প্রক্রিয়াটিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন নাসের হুসেইন। স্কাই স্পোর্টসের বিশ্লেষণে ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র শেবাগের উদাহরণ টেনে তিনি বোঝানোর চেষ্টা করেন যে, কন্ডিশন ও প্রস্তুতি ছাড়া বড় নামও এখানে টিকতে পারে না।
নাসের হুসেইন বলেন, ‘সত্যি বলতে, ওর এখানে থাকার কথাই না। সে সিপিএল থেকে এসেছে এবং বেশ কিছুদিন ধরে কোনো প্রথম শ্রেণির ক্রিকেট খেলেনি। আমি জানি না, ওদের নির্বাচকরা কোন আক্কেলে ভেবেছে যে, হুট করে ফরম্যাট বদলে বিদেশ থেকে করে কাউকে উড়িয়ে আনলেই সে এই কন্ডিশনে, ডিউক বল এবং ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করে ফেলবে!’
টেস্ট ক্রিকেটের মর্যাদার কথা তুলে ধরে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটি শুধু টেস্ট ম্যাচের প্রতি এক ধরনের অসম্মান ও অবজ্ঞা। যেকোনো ক্রিকেটারই আপনাকে বলবেন যে টেস্ট ক্রিকেট হলো সবচেয়ে কঠিন ফরম্যাট। ইংল্যান্ডে ইনিংসের শুরুতে ব্যাট করাটাই সবচেয়ে কঠিন কাজ। অথচ আপনারা মনে করলেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে কাউকে উড়িয়ে এনে বলবেন—‘শুভকামনা রইল’!’
অতীতে ভারতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে হুসেইন বলেন, ‘একসময় এই মাঠেই বীরেন্দ্র শেবাগকেও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। যদি আপনাদের মনে থাকে... ভারত তাকেও হুট করে উড়িয়ে এনেছিল। আর শেবাগও জোড়া ডাক মেরেছিল। অথচ শেবাগ সাইমের চেয়ে অনেক বেশি ভালো এবং অভিজ্ঞ একজন খেলোয়াড়।’
সবশেষে তরুণ ওপেনারের শট সিলেকশন নিয়ে সামান্য কথা বললেও মূল দায়টা পিসিবির ওপরই চাপিয়ে নাসের হুসেইন যোগ করেন, ‘এর কিছুটা দায় ওই ছেলের শট সিলেকশনের ওপরও বর্তায়। কিন্তু যে বা যারাই মনে করেছে যে এটি একটি দারুণ সিদ্ধান্ত এবং সে এই সপ্তাহে ভালো করে ফেলবে, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত।’





