বাংলাদেশের পেস আক্রমণ চিন্তায় ফেলেছে বাভুমাকে

সংগৃহীত ছবি
গত কয়েক বছরে বাংলাদেশের পেস আক্রমণ পৌঁছে গেছে অন্য এক উচ্চতায়। বিশেষ করে নাহিদ রানা ও হাসান মাহমুদের গতি দলের পেস ইউনিটকে এনে দিয়েছে অনেক সাফল্য। এবার বাংলাদেশের গন্তব্য দক্ষিণ আফ্রিকা, যেখানকার পিচ পেস স্বর্গ হিসেবেই পরিচিত। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলছেন, প্রতিপক্ষের পেস আক্রমণ চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে স্বাগতিকদের।
বাংলাদেশের দুটি টেস্ট হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে, এই দুই ভেন্যু পেসারদের জন্য একটু বেশিই সহায়ক। নাহিদ না থাকলেও হাসান-শরিফুল-তাসকিন-ইবাদতরা মাথাব্যথার কারণ হতে পারে আফ্রিকার।
এ কারণেই যেন বাংলাদেশকে নিয়ে একটু বাড়তি সতর্ক বাভুমা। সুপার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার পেস ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে বাভুমা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারেন বাংলাদেশের পেসাররা, 'আমরা যে ভেন্যু দুটিতে বাংলাদেশের বিপক্ষে খেলব, তা ফাস্ট বোলারদের জন্য সহায়ক। আর ফাস্ট বোলিংয়ের প্রাচুর্য বাংলাদেশের আছে। তাই ব্যাটিংয়ে আমাদের সব কাজ ঠিকভাবে করতে হবে। একইসাথে ভালো প্রস্তুতি নিতে হবে। আর মানসিকভাবে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না।'
বাংলাদেশকে হালকাভাবে দেখা হবে না জানিয়ে তিনি বলেন, 'ক্রিকেট দুনিয়ায় এখন সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে চাপে ফেলতে পারে। আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে আমরা ভালোভাবে প্রস্তুতি নিব। আমরা অবশ্যই ওদের হালকাভাবে নিব না।'
এ সময় টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বাংলাদেশ সফরের প্রসঙ্গও উঠে আসে। চোট আক্রান্ত বাভুমার অনুপস্থিতিতে বাংলাদেশে এসে দুটি টেস্টই জিতেছিল প্রোটিয়ারা, যা তাদের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল।
বাভুমা বলেন, 'বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে খেলা ঐ সিরিজ আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যাত্রাপথে সহায়তা করেছিল। উপমহাদেশে খেলা কখনও সহজ কথা নয়।'



