বিশ্বকাপ পর্যন্ত থাকবেন তো সিমন্স?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের পঞ্চম বোর্ডসভা আজ দুপুর ২টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সভাকক্ষে শুরু হবে। বোর্ড সভার আলোচ্য সূচি বা এজেন্ডার তালিকায় কোচ পরিবর্তন প্রসঙ্গ না থাকলেও এজেন্ডার বাইরের বিষয় হিসেবে ফিল সিমন্সকে ছাঁটাই করার ব্যপারটা আলোচনা হতে পারে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীদের একজন।
তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন। সম্প্রতি কাজের চাপে তামিম ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্ব ফাহিম সিনহাকে দিতে চাইছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, তবে আজকের বোর্ডসভায় আলোচ্য সূচিতে এমন কোনো কিছু নেই বলেই বিসিবি সূত্রে জানা গেছে।
আজকের সভায় আলোচ্য সূচিতে প্রশাসনিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন-সংক্রান্ত বিষয়ই বেশি। যার মধ্যে আছে ডি থ্রি টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিক্রি, পূর্বাচলের স্টেডিয়ামের পরামর্শক নিয়োগ-সংক্রান্ত বিষয়, সিসিডিএমের নতুন লোগো, মেডিকেল কমিটির অ্যাম্বুলেন্স ক্রয়, চলমান পূর্ত কাজ ও টেন্ডার-পারচেজ, শারীরিক প্রতিবন্ধীদের একটি টুর্নামেন্ট আয়োজনসহ বেশ কিছু এজেন্ডা। তবে এজেন্ডার বাইরে থেকেও কোচের কর্মকাণ্ড মূল্যায়ন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক আগামীর সময়কে বলেছেন, ‘এই কোচের হাতে যা ফল হচ্ছে, তাতে তো তাকে রেখে দেওয়ার কোনো কারণ নেই। আমাদের এজেন্ডায় কোচ নিয়ে কোনো কিছু না থাকলেও এর বাইরের আলোচনায় এ প্রসঙ্গ আসতে পারে। তাকে রেখে তো ভালো কিছু হচ্ছে না। জিম্বাবুয়ে-আফগানিস্তানের কাছে হারতে হচ্ছে, দক্ষিণ আফ্রিকায়ও দল ভালো করেনি। শুনেছি কোচ নাকি ড্রেসিং রুমে ঘুমায়। আমাদের মধ্যে অনেকেই তাকে না রাখার পক্ষে।’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকেই জয়হীন বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কোন ফরম্যাটেই নেই জয়ের দেখা। তাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও সিমন্স ততদিন টিকে থাকবেন কিনা, বড় প্রশ্ন সেটাই।
আসন্ন ডি থ্রি টুর্নামেন্ট নিয়েই আলোচনার বেশ কিছু প্রসঙ্গ থাকবে বিসিবির সভায়। ফ্লাডলাইটে টুর্নামেন্ট আয়োজন, লাইট কেনা, লজিস্টিকস ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয় চূড়ান্ত হবে আজকের সভায়।



