মুশতাক আহমেদের আশাবাদ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এক জয়ের পর এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অনেকটাই উপরের দিকে উঠে এসেছে বাংলাদেশ। এই মুহূর্তে তারা আছে ৪ নম্বরে। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
এই মুহূর্তে এবারের চক্রে বাংলাদেশের ওপরে আছে শুধু সাবেক তিন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বাংলাদেশের পেছনে আছে ভারত ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দাবিদারও।
বাংলাদেশ কি অবিশ্বাস্য কিছু করে শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারবেন? এমন প্রশ্নের জবাবে মুশতাক জানান, ‘ইনশাআল্লাহ সম্ভব। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।‘
ফাইনালে ওঠার যাত্রায় অবশ্য কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে দুটি টেস্ট।
মুশতাক অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়েও আশাবাদী, ‘আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে কন্ডিশন বুঝতে হবে। এশিয়ায় তো বল স্পিন করে, বাইরে তা করবে না। তাই কন্ডিশন বুঝে বল করতে হবে। এগুলো মাথায় রেখেই অনুশীলনে যত ঘাম ঝয়াবে, ম্যাচে খেলা তত সহজ হবে। ফাস্ট বোলাররা ভালো করছে, ব্যাটাররাও ভালো করছে। সবাই ক্লিক করছে।'
ইংলিশ মিডিয়াকেও মুশতাক বলেছিলেন, বাংলাদেশের এখন অ্যাওয়ে টেস্ট জেতা সম্ভব, 'ইংল্যান্ডে থাকতে ইংল্যান্ডের মিডিয়াকেও বলেছিলাম আমি, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট উন্নতির মঞ্চ নয়, সেখানে আপনি পারফর্ম করতে যান, ডেভেলপমেন্ট তো এখন হচ্ছে। এটা ডেভেলপমেন্টের জায়গা, খেলোয়াড়ের সেরাটা বের করে আনার জায়গা।'
স্কিলের পাশাপাশি মানসিক শক্তিতে বেশি জোর দিয়ে মুশতাক, 'মানসিক শক্তি খুবই দরকার। ৫০ শতাংশই তো 'মাইন্ড গেম'। আপনি আসলে খেলাটা মানসিকভাবেই খেলেন। আমিও তো খেলেছি। আপনিও খেললে জানবেন, মানসিকভাবে ভালো থাকলে আর বেসিক ভালো থাকলেই আপনি ভালো খেলবেন।'
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে আত্মবিশ্বাস প্রয়োজন জানিয়ে মুশতাক আরও বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট মানেই মাইন্ডসেটের ব্যাপার। আপনার বিশ্বাস রাখতে হবে, এবং সেই বিশ্বাসের ফলটাই এখন বাংলাদেশ দল পাচ্ছে। আমরা এখন যেকোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসই আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।'
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাফল্যের কথাই তুলে ধরলেন বাংলাদেশ স্পিন কোচ, 'পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হারিয়েছি। এরপর যখন ওরা এখানে এলো, টার্নিং পিচ নয়, সবুজ পিচে খেলেই ওদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচে বল স্পিন করাচ্ছে। হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। আর কোচ হিসেবে এই মাইন্ডসেট পরিবর্তন করাই আমাদের কাজ। এটার কৃতিত্ব নির্বাচক, কোচ, সব খেলোয়াড়ের, সব স্টেকহোল্ডারের। তারাই বিশ্বাস করে, আমরা এখন যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারি।'



