কাটার ধরতে পারে বাফেলো পার্কে

ছবি: আগামীর সময়
কাগজে কলমে ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক’ হলেও ঢাকার মগবাজার মোড় থেকে মৌচাক চৌরাস্তা অবধি জায়গাটাকে বেশিরভাগ মানুষ ও যানবাহন চালক চেনেন আউটার সার্কুলার রোড নামেই। ঠিক তেমনি কাগজে কলমে শহরের নাম কুগাম্পো সিটি হলেও পুরানো নাম ইস্ট লন্ডন এখনো থেকে গেছে মানুষের মনে, অন্তত বাংলাদেশের মানুষের মনে। কারণ প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে এখানেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটা খেলেছিল খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে আসা বাংলাদেশ দল। যে ম্যাচটা এখন পর্যন্ত এই মাঠের একমাত্র টেস্ট ম্যাচ। মঙ্গলবার এখানেই সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছেন লিটন-হৃদয়রা।
পরিসংখ্যান বলছে, বাফেলো পার্ক (মাঠের নাম) এর উইকেট পেস বলারদের সহায়তায় হাত বাড়ায়। এই মাঠে সেরা বোলিং ও সর্বোচ্চ উইকেট, দুটোই শন পোলকের। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ওয়ানডে সিরিজের আগে প্রথম দিনের অনুশীলন শেষে জানালেন, এই মাঠের উইকেটে কার্যকর হতে পারে মোস্তাফিজুর রহমানের কাটার, ‘আমরা আজ যেখানে নেট প্র্যাকটিস করেছি, বল অনেক গ্রিপ করছিল। সবার কাটার অনেক ধরছিল। তাই বলছিলাম। মাঠে এমন না-ও হতে পারে। স্লো হলে ঐ অনুযায়ী বোলিং করতে হবে। পিচ যেটা ডিমান্ড করে আসলে। সাধারণত শুনে থাকি দক্ষিণ আফ্রিকা মানেই সিম ও মুভমেন্ট হবে। এখন গ্রীষ্ম আসছে তো, একটু ফ্ল্যাট হচ্ছে, কিছু (কাটার) ধরছে। পরশু (আগামীকাল) মাঠে নামলেই বোঝা যাবে উইকেট কেমন আচরণ করছে।‘
টেস্ট সিরিজের ফল আশানরূপ হয়নি বাংলাদেশের। ওয়ানডে দলে বেশ ক’জন নতুন ক্রিকেটার যোগ দিয়েছেন, তাসকিন আশা করছেন দলের সদস্যদের ভেতর তরতাজা একটা ভাব আসবে, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিলাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া (থাকা যায়)। বাড়তি চাপ নিলে মাঠে করে দেখানোটা ভালো হয়ে যাবে এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কিভাবে জেতা যায় সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।‘
এই ভেন্যুতে বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে ২০১৭ সালে, যে ম্যাচে তাসকিন ৭ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছিলেন ২ টেলএন্ডারের উইকেট। ম্যাচটাও বাংলাদেশ হেরেছিল ২০০ রানে। সেই স্মৃতি নিয়ে জিজ্ঞাসায় তাসকিনের জবাব, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে… এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি যেহেতু দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।



