সিলেট টেস্ট
বাংলাদেশকে অসম্ভব টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্ট জয়ের জন্য বাংলাদেশের সামনে প্রায় অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ পঞ্চম দিন প্রথম সেশনে তারা ৬ উইকেটে ৩৯৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। এতে বাংলাদেশর সামনে টার্গেট দাঁড়য়েছে ৩৬৯ রানের! হাতে আছে আর মাত্র দুটি সেশন। ম্যাচ ড্র করতে হলেও এই দুই সেশন টিকে থাকতে হবে উইকেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল চতুর্থ দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। গতকাল তারা ৭৯ ওভার ব্যাট করেছে। আজ সোমবার পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই নাঈম হাসানের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন কাভেম হজ। তার ব্যাট থেকে আসে ১৯৪ বলে ১৭ চার ১ ছক্কায় ১৪২ রানের ঝলমলে ইনিংস। এদিন প্রথম ঘণ্টায় বাংলাদেশ আরও একটি উইকেট পায়। মিরাজের বলে এলবিডব্লু হয়ে যান জাস্টিন গ্রিভস (১৬ বলে ৯ রান)। এরপর ৩ বলে ১ রান করা শামার জোসেফ নাঈম হাসানের বলে লং অফে ক্যাচ দেন। আরেকটি উইকেট পেতে পারতেন নাঈম। স্লগ–সুইপে মিডউইকেটের দিকে ক্যাচ তুলেছিলেন বিশপ। অনেকখানি দৌড়ে বলের কাছে গেলেও হাতে জমাতে পারেননি মিরাজ।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেছিল উইন্ডিজ। ৩৮৬ রান করে বাংলাদেশ পেয়েছিল ৩০ রানের লিড। এবার সামনে পাহাড়সম টার্গেট। উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসান। সদ্য অভিষিক্ত কেভিন উইকহ্যাম ইনিংসে ১০৭ বে ৭৮ রানের ইনিংস উপহার দেন। এছাড়া ৬১ রান করেন ব্রেন্ডন কিং।




