ইতিহাস গড়লেন নাহিদ রানা

সংগৃহীত ছবি
একটুর জন্য হয়নি ৭ উইকেট। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন নাহিদ রানা। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে দেশের ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগার এখন এই তরুণ পেসারের।
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের বোলিং ফিগার ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট, মেইডেন ২টি। নাহিদ পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের যৌথ রেকর্ড।
ওয়ানডেতে ৬ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম বোলার ছিলেন মাশরাফি। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ২৬ রানেই ৬ উইকেট নেন রুবেল।
দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও এখন নাহিদেরই। মাত্র ১৪ ওয়ানডের ক্যারিয়ারেই ৩ ম্যাচে ৫ উইকেটের স্বাদ পেলেন নাহিদ। সবকটিই এসেছে ২০২৬ সালে। তার চেয়ে দ্রুততম সময়ে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান (৯ ইনিংসে)।
এই বছর ৯ ওয়ানডে খেলে ২৬ উইকেট নিয়ে পুরো ক্রিকেট বিশ্বেই সবার ওপরে আছেন নাহিদ। তিন সংস্করণ মিলিয়েও ১৩ ম্যাচ ৩৮ উইকেট নিয়ে শীর্ষে তিনিই।
নাহিদের ৬ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদের দুই উইকেটে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে গেছে ১৪১ রানে।




