অধিনায়ক সূর্যবংশীর অনন্য রেকর্ড

সংগৃহীত ছবি
বয়স তার মাত্র ১৫। এই অল্প বয়সেই বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন। একের পর এক রেকর্ড ভেঙ্গে দুর্বার গতিতে এগিয়ে চলা বৈভব সূর্যবংশী এবার গড়লেন নতুন ইতিহাস। মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে টস করতে নেমে বনে গেছেন পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক।
ইন্দোরে হলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে বিহারের অধিনায়কত্ব করছেন সূর্যবংশী। আজ ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের রেকর্ড ভেঙেছেন তিনি। ১৫ বছর ২৩২ দিন বয়সে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব শুরু করলেন তিনি। ভুকুসিচ ১৭ বছর ৩১১ দিন বয়সে অধিনায়কত্ব করে রেকর্ড গড়েছিলেন।
এই বছর অধিনায়ক হিসেবে এটাই সূর্যবংশীর প্রথম ম্যাচ নয়। ২০২৬-২৭ মৌসুমের দিলিপ ট্রফিতে ইস্ট জোনের সহঅধিনায়ক ছিলেন তিনি ইশান কিষাণের ডেপুটি হিসেবে। ম্যাচের মাঝপথে নিয়মিত অধিনায়কের চোটের কারণে সেন্ট্রাল জোনের বিপক্ষে অধিনায়কত্ব করতে হয়েছিল তাকে। তাতে প্রথম শ্রেণির ক্রিকেটেও সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েন তিনি।
এবার টি-টোয়েন্টিতে অধিনায়ক হয়ে সূর্যবংশী বললেন, ‘বিহারকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন সত্যি হলো। এই সুযোগ পেয়ে আমি খুব কৃতজ্ঞ।’



