বিশ্বকাপ জয়ের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী আসন করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার এই ভেন্যু। এখানেই চার বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই মাঠেই এবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তাওহীদ হৃদয়।
দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৫১২ রান তুলেছিল। জবাবে ৫৭ ওভারে ৪ উইকেটে ২০১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে আজ মঙ্গলবার তৃতীয় দিনেই বদলে যায় ম্যাচের চিত্র। তাওহীদ হৃদয় আর জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনে মিলে গড়েন ১৫৫ রানের জুটি। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ১৫৫ বলে ৯৪ রান করা জাকের আউট হলে জুটির অবসান হয়। তবে হৃদয়কে থামানো যায়নি। সেঞ্চুরি হাঁকানোর পর অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে তিনি ছুটতে থাকেন আরও বড় সংগ্রহের দিকে। ৩৩৫ বলে ২২ চার ১ ছক্কায় তুলে নেন ডাবল সেঞ্চুরি। ইনিংসটি খেলার পথে তিনি ৭৩টি সিঙ্গেল এবং ১৭টি ডাবল নিয়েছেন। দারুণ ব্যাটিং করা সাইফউদ্দিনও আশির ঘর পার করেছেন। ১৩৭.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪৬৬ রান। স্বাগতিকদের থেকে পিছিয়ে আছে ৪৫ রানে।








