ক্ষোভ ঝাড়লেন গিলেস্পি
পিসিবি প্যান্ট বদলের মতো সিদ্ধান্ত বদলায়

সংগৃহীত ছবি
পাকিস্তান ক্রিকেট যেন পড়েছে অকুল পাথারে। সিরিজের মাঝপথে বরখাস্ত হয়েছে কোচ, বাদ পড়েছেন ৭ ক্রিকেটার। সাবেক পাকিস্তান কোচ জেসন গিলেস্পি বলছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্যান্ট বদলের মতো প্রতিনিয়ত সিদ্ধান্ত বদলায় বলেই দেশটির ক্রিকেটের এই বেহাল দশা।
একটা সময়ে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ ছিলেন গিলেস্পি। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই বোর্ডের সঙ্গে টানাপোড়নে দায়িত্ব ছাড়তে হয় তাকে। এরপর অনেকবারই পাকিস্তানের ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন এই সাবেক অজি পেসার।
ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক বিতর্ক নিয়েও মুখ খুললেন গিলেস্পি। কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। এটা ছেলেদের জীবিকা। বাইরে থেকে মনে হচ্ছে, তারা ভয় নিয়ে খেলছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অধিনায়কত্ব করার পর সালমান আলী আঘা দ্বিতীয় টেস্টে বাদ পড়ল, এরপর তৃতীয় টেস্টের আগে তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হলো। এটা কীভাবে হয়?’
পিসিবিকে কটাক্ষ করে গিলেস্পি বলেছেন, ‘মাঠে ধারাবাহিকতা চাইলে, মাঠের বাইরেও ধারাবাহিক থাকতে হবে। বিষয়টি বোর্ড পর্যায়, দল নির্বাচন এবং কোচিং প্যানেল, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এটা বেশ পরিষ্কার যে তাদের কোনো নির্বাচন কৌশলই নেই, বিশেষ করে প্রধান নির্বাচক আকিব জাভেদের অধীনে। তারা প্রতিদিন নিজেদের সিদ্ধান্ত বদলায় - যেভাবে প্রতিদিন প্যান্ট বদলায়।’
পিসিবি ক্রিকেটারদের অসম্মান করছে বলেই বিশ্বাস গিলেস্পির, ‘যেসব খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, তারা বিষয়টি পরিবার, বন্ধু ও গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে। এর চেয়ে অসম্মানজনক আর কী হতে পারে? সেখানকার ক্রিকেট প্রতিভা বিশ্বের যেকোনো জায়গার মতো সেরা। এই খেলোয়াড়দের কেবল মাঠের বাইরে সঠিক সমর্থন প্রয়োজন।’





