মাত্র ৮৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সংগৃহীত ছবি
গ্রয়েনক্লুফ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। আজ আগে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেসার ডাইয়ান গালিয়েমের গতির সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে দলীয় স্কোর ১০০ ছোঁয়ার আগেই শেষ হয়ে যায় ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম। ৭৩ বলের ইনিংসে তিনি মারেন ৫টি চার। এ ছাড়া আমিনুল ইসলাম করেন ১১ রান এবং সামিউন বাসির যোগ করেন ১০ রান। বাকি আট ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এমনকি মইন খান ও এনামুল হক শূন্য রানে ফিরেছেন।
অতিরিক্ত খাত থেকেই এসেছে ১১ রান (৮ ওয়াইড, ৩ লেগ বাই)। অর্থাৎ অতিরিক্ত রান না পেলে বাংলাদেশের ইনিংস আরও বিব্রতকর অবস্থায় শেষ হতে পারত।
প্রোটিয়াদের হয়ে ম্যাচসেরা বোলিং করেন গালিয়েম। তিনি ৮.২ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এ ছাড়া আন্দিলে মোগাকানে নেন ২ উইকেট। বায়ান্দা মাজোলা, জানকো স্মিট ও ক্যালেব সেলেকা পান একটি করে উইকেট।
জবাবে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং।




