নারী ইমার্জিং নেশনস ট্রফি
নেদারল্যান্ডসের কাছে হেরে বিপাকে বাংলাদেশ

সংগৃহীত ছবি
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিলেন তারা। পরের রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়টা খুব দরকার ছিল বাংলাদেশ নারী দলের। তবে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।
ওমানের আজমাইনে ৫ উইকেটে হেরেছে সোবহানা মোস্তারির দল। ১৩০ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ডাচ মেয়েরা।
‘বি’ গ্রুপে তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় হার। অন্যদিকে, হ্যাটট্রিক জয়ে পরের রাউন্ড নিশ্চিত করল নেদারল্যান্ডস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন দিলারা ও শারমিন আক্তার। তবে রানের বেশিদূর যেতে পারেননি শারমিন; ২২ বলে করেন ১৯ রান।
তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে গড়েন ৩০ বলে ৩৯ রানের জুটি। ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নেন তৃতীয় ফিফটি। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৫১ রান। শেষদিকে স্বর্ণা আক্তারের ১৩ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হিদার সিগার্স, ২১ রানে নেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ডাচরা। রাবেয়া খান ও সানজিদা আক্তারের তোপে শুরুটা নড়বড়ে হলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাননি স্টিয়ার কালিস। চার নম্বরে নেমে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ব্যাটার।
শেষ ওভারে জয়ের জন্য ৭ রানের সমীকরণ মাত্র চার বলেই মিলিয়ে দেন ২৭ বছর বয়সী কালিস। ৫০ বলে ৮ চারে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে ২ উইকেট নেন।
আগামী বুধবার আজমাইনেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।



