আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। ৩৬ বছর বয়সী এই তারকা পেসার অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উড বলেন, ‘আমি সব সময় চোট থেকে ফিরে এসে মানুষকে ভুল প্রমাণ করতে এবং নিজের সামর্থ্য দেখাতে চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত এবার আমি এই লড়াইয়ে হেরে গেলাম। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা সম্ভব নয়। গত এক বছরে ধীরে ধীরে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নটি আমার কাছ থেকে দূরে সরে গেছে। ইংল্যান্ডের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং স্বপ্নপূরণ ছিল।’
ইংল্যান্ডের হয়ে দ্রুততম বোলারদের একজন হিসেবে পরিচিত উড পুরো ক্যারিয়ারজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন। কনুইয়ের চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে ১৫ মাস মাঠের বাইরে থাকার পর গত নভেম্বরে পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তবে সেই ম্যাচে মাত্র ১১ ওভার বোলিং করার পর বাঁ হাঁটুতে আবারও ফোলা দেখা দেয়। এরপর চিকিৎসার জন্য দেশে ফিরে যান উড। ইংল্যান্ডের হয়ে আর মাঠে নামা হয়নি তার।
তবে ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইঙ্গিত দেননি তিনি। ভবিষ্যতে অন্য কোনোভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে খেলা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন।
২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে ৩৮ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন উড। অভিষেকের বছরই ঘরের মাঠে অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্যারিয়ারে গোড়ালি, হাঁটু ও কনুইয়ের একাধিক চোটে ভুগেছেন এই পেসার।
চোটের চাপ কমাতে ২০১৮ সালে নিজের রানআপও পরিবর্তন করেন উড। তাতে তার গতিতে কোনো প্রভাব পড়েনি। বরং পরবর্তী সময়ে ইংল্যান্ডের বেশ কিছু বড় সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন উড। সেই আসরে ১৮ উইকেট নেন তিনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন, যদিও কাফের চোটের কারণে শেষ দিকে খেলতে পারেননি।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ৩৮ ম্যাচে ৫৪ উইকেট নিয়েছেন উড। ওয়ানডেতে ৭০ ম্যাচে তার শিকার ৮০ উইকেট।



