সিলেট টেস্ট
উইন্ডিজকে দ্রুত থামানোর লক্ষ্য বাংলাদেশের

দুর্দান্ত বোলিং দিয়ে সিলেট টেস্টের শুরুটা দারুণ করলেও গতকাল প্রথম দিনের বাকি সময়টা হতাশাতেই কেটেছে বাংলাদেশের। নবম ওভারে মাত্র ২৭ রানে প্রতিপক্ষের প্রথম তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে চালকের আসনে বসা স্বাগতিকরা এরপর আর উইকেটের দেখা পায়নি। আমির জাঙ্গুর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। দিনের শুরুতেই নতুন বল পাওয়ার অপেক্ষায় থাকবে বাংলাদেশ। দ্রুত উইন্ডিজের বাকি ব্যাটারদের ফিরিয়ে রানের চাকা আটকে দিতেই হয়তো নতুন বলের দিকে তাকিয়ে থাকবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের দুই অপরাজিত ব্যাটার আমির জাঙ্গু এবং জাস্টিন গ্রেভস দেখেশুনে দিনের সূচনা করেছেন।
গতকাল ম্যাচের প্রথম দিনেই দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন উইন্ডিজের ব্যাটাররা। ১৭১ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১১১ রান নিয়ে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৬২ বলে ৩ চারে ৩৫ রান নিয়ে দিন শেষ করেন দারুণ ফর্মে থাকা জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে এই দুজন অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন গুরুত্বপূর্ণ ৭৭ রান। সেই জুটি আজ বড় হচ্ছে।
এর আগে ইনিংসের শুরুতেই পেসারদের আগুনে বোলিংয়ে বিপদে পড়েছিল ক্যারিবীয়রা। দলীয় ২৭ রানের মাথায় উইন্ডিজ তাদের প্রথম তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল। ক্রেইগ ব্রাফেট না থাকলেও শুরুতেই জন ক্যাম্পবেল (৯), জশুয়া দা সিলভা (১২) ও কেভিন হজকে (১) সাজঘরে ফেরান বাংলাদেশের পেসাররা। কাইল উইকহ্যামকে সঙ্গে নিয়ে দলের বিপর্যয় সামাল দেন জাঙ্গু। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেছেন।




