ভারত সিরিজ জিতলেও ব্যর্থ কোহলি-রোহিত

সংগৃহীত ছবি
টানা সাত বছর আর ১১ ওয়ানডে সিরিজ দেশের মাটিতে অপরাজেয় ছিল নিউজিল্যান্ড। সেই যাত্রাটা থামাল ভারত। আজ মাউন্ট মঙ্গানুইয়েতে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে ভারত সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৫৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন অক্ষর প্যাটেল। ৫৮ বলে ঈশান কিষান করেন ৪৬। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট। ২৪ রান করে করেন নিক কেলি ও মিচেল স্যান্টনার।
এর আগে ২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে স্বাগতিকদের ১২ বছর ও ১৮টি সিরিজ অপরাজেয় থাকার কীর্তি থামিয়েছিল নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে কিউইদের দাপট থামাল ভারত।
ভারত সিরিজ জিতলেও অস্বস্তি হয়ে থাকবে দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যর্থতাটা। কোহলি চার ম্যাচে করেছেন ৮৬ আর রোহিত শুধু ৩০! চারটি একদিনের ম্যাচে কোহলির স্কোর ৭৪, ৭, ০ এবং ৫ রান, গড় ২১.৫০। অন্তত চারটি ম্যাচ খেলেছেন এমন একদিনের দ্বিপাক্ষিক সিরিজে কোহলির দ্বিতীয় জঘন্যতম পারফরম্যান্স এটা। ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে ১৮ গড়ে করেছিলেন ৫৪ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে রোহিতের স্কোর ০, ২৩, ০ এবং ৭ রান। সব মিলিয়ে ৩০ রান গড় ৭.৫০। অন্তত চারটি ম্যাচ খেলা এক দিনের দ্বিপাক্ষিক সিরিজে রোহিতের দ্বিতীয় জঘন্যতম পারফরম্যান্স এটা। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২.৬০ গড়ে ১৩ রান করেছিলেন রোহিত।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দুই কিংবদন্তির রান না পাওয়াটা উদ্বেগের ভারতের জন্য।




